নারায়নগঞ্জ প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলপূর্বে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়ক আহমেদুর রহমান তনু প্রশাসনের উদ্দেশে বলেন, ফ্যাসিস্টদের যদি উপযুক্ত শাস্তি হতো, তাহলে আজকে আমাদের এভাবে দাঁড়াতে হতো না। ফ্যাসিস্টরা আপনাদের ব্যবহার করেছে, আমরা ব্যবহার করতে চাই না। সতন্ত্রভাবে কাজ করতে দিতে চাই। ওরা আপনাদের সামনে রেখে পালিয়ে গেছে। এবং আজকে ওরাই সুবিধা নিতে যাচ্ছে। সুতরাং আপনারা আপনাদের কাজ করেন। আর ব্যবহার না হয়ে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জে ফ্যাসিস্টদের লোকজন আপনাদের (প্রশাসন) ও রাজনৈতিক বড়-বড় নেতাদের সাথে কথা বলছে, এটি কিন্তু হবার কথা না। যদি এটি হয় তাহলে আমরা তার ব্যবস্থা গ্রহণ করতে পারব। আমরা দাঁড়াই সংখ্যায় কম কিন্তু মাঠে নামলে সংখ্যায় কম থাকি না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মুখে আঙুল দিয়ে দেশ চালাতে চায়।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে কোন ফ্যাসিস্টদের জায়গা হবে না। এবং ফ্যাসিস্টদের যারা সেল্ডার ও সুবিধা দিচ্ছেন তাদেরও আমরা দেখছি। কোন উপজেলা ও এলাকায় কে কি করছেন সবই দেখছি। আপনাদের জন্য কষ্ট হয় যে, ১৭ বছর আপনারা কি কষ্ট করেছেন, আর আজকে কি করছেন? আপনাদের কাছ থেকে এটি আমরা প্রত্যাশা করি না।
এসময় বক্তব্যে অ্যামেরিকান এম্বাসি আইন ও শাসন ব্যাস্থার নিয়ে প্রশ্ন তুলেন তিনি।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা সমন্বয় কমিটির সদস্য জাবেদ আলম, কেন্দ্রীয় যুব শক্তির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ, সংগঠক নিরব রায়হান। জেলা কমিটির সদস্য লুবনা রহমান, তানজিমুল ইসলাম, আব্দুর রহমান গাফফারি, মোসা. সোনিয়া আক্তার (লুবনা), সোহেল খান সিদ্দিক, ফারদিন শেখ, মোস্তফা, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগরের আহ্বায়ক মাহফুজ খান, সদস্য সচিব হৃদয় ভূঁইয়া প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন