কুষ্টিয়া প্রতিনিধি: পরিকল্পিত সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের এনএস রোড প্রদক্ষিণ করে বড়বাজারে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে বড়বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জ্বালাও-পোড়াও ও সহিংসতা চালিয়ে কোনো লাভ হবে না। গাড়ি পুড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা সফল হবে না। বিএনপি, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছেন। সহিংসতায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, অতীতে বিরোধী দলকে দমন-পীড়নের যে প্রবণতা ছিল, তা এখনো অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড আর হতে দেওয়া হবে না। সরকারকে বিপদে ফেলার চেষ্টা না করে সংশ্লিষ্টদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান তারা।
জেলা যুবদলের এ মিছিল ও সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব