নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, আমরা বিশেষ করে নারায়ণগঞ্জে ২২৪টি পূজা মণ্ডপ রয়েছে, তার মধ্যে কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেছি। এবং এই পূজাকে কেন্দ্র করে পূজার আগে থেকেই গোয়েন্দা কার্যক্রম শুরু রয়েছে। এবং আমাদের টহল টিমের কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি পরিদর্শন ও তাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, বিগত বছর গুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ও গুজব ছড়ানোর মাধ্যমে বিভিন্ন নাশকতার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। নারায়ণগঞ্জে ছোট-বড় মিলিয়ে ২২৪টি পূজা মণ্ডপ রয়েছে, সেগুলোতে যেন সুন্দর ও শান্তিপূর্ণভাবে সবাই পূজা উদযাপন করতে পারে সেজন্য আমাদের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
র্যাব-১১ এর অধিনায়ক আরও বলেন, আপনারা কেউ গুজবে কান দিবেন না। নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা, এটিকে দেশের প্রাণ কেন্দ্র বলা হয় এবং কমার্শিয়াল হাব। গুজবের মাধ্যমে কোন নাশকতার পরিকল্পনা না করে সে ব্যপারে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি আমাদের একসাথে কাজ করতে হবে। যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এই নারায়ণগঞ্জে না ঘটে। এর পাশাপাশি আমাদের সম্প্রীতি স্থাপন করতে হবে। নারায়ণগঞ্জে সকলে মিলেমিশে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া যে কোন উৎসব সবাই উৎযাপন করতে পারি। এজন্য সকলের কাছে সহযোগিতা চাই। আমরা সকলে মিলে কাদে কাদ মিলিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।
এরপর শহরের টানবাজার এলাকার সাহা পাড়া মণ্ডপ, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও মন্দির ও মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি শংকর কুমার সাহা, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পি প্রমুখ।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা