স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ছাড়া পারে না আর্জেন্টিনা। কিংবদন্তির অবসরের পর উরুগুয়ের কাছে ২-১ গোলে হারার পর এমনই গুঞ্জন চলছিল বিশ্ব ফুটবলে।
আজ সেই গুঞ্জনকে শুধু থামিয়েই দিল না আর্জেন্টিনা, সমালোচকদের ওপর ঝালও মেটাল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ঘরের মাঠ এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে।
প্রীতি ম্যাচে আর্জেন্টিনা প্রতিপক্ষ ৭-০ গোলে হারিয়ে যেন ব্রাজিলকে বার্তা দিল, শুধু তোমরাই পারো না এমনটা করতে। নিজেদের দিনে আমরাও পারি প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দিতে।
গতকাল ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। এতে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী বছর শেষ করল বড় জয়ে।
ম্যাচে শুধু ভিনিসিয়ুসের মতো হ্যাটট্রিক পেল না আর্জেন্টিনার কোনো খেলোয়াড়। হ্যাটট্রিক পাওয়ার সুযোগ ছিল অবশ্য নিকো পাজ ও হুলিয়ান আলভারেজের।
দুজনই প্রথমার্ধে জোড়া গোল করেছিলেন। তবে দ্বিতীয়ার্ধে তাদের মাঠে নামাননি কোচ লিওনেল স্কালোনি। শিষ্যদের সুস্থ থেকে বছর শেষ করাতেই হয়তো গুরুত্ব দিয়েছেন আর্জেন্টিনার কোচ।
দুই সতীর্থর মতো জোড়া করেছেন পাজের বদলি নামা ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। অন্য গোলটি করেছেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।গোলগুলোও ছিল দেখার মতো।
কোস্টারিকা যে গোলবন্যায় ভাসতে যাচ্ছে তার লক্ষণ পাওয়া যাচ্ছিল প্রথমার্ধেই। কেননা বিরতিতে যাওয়ার সময়ই আর্জেন্টিনার নামের পাশে ৪ গোল। শুরুটা হয় ম্যাচের ৮ মিনিটে। গোলটি করেন মেসির উত্তরসূরি হিসেবে যাকে ভাবা হচ্ছে সেই পাজ। ৮বারের ব্যালন ডি’অর জয়ীর মতোই পাজের গোলে ছিল ঝলক।
কোস্টারিকার বক্সের মধ্যে ত্রিভুজ পাসে দেওয়া-নেওয়ার মাধ্যমে গোলটি আসে পাজের বাঁ পায়ের শট থেকে। পাজের কাছ থেকেই বল পেয়ে এনজো ফার্নান্দেজকে দেন আলভারাজে। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফার্নান্দেজ আলতো ব্যাকহিলে বাড়ান পাজকে। বল না থামিয়েই বাঁকানো শটে জাল খুঁজে নেন কোমোর মিডফিল্ডার। এরপর গোল পেতে কিছুটা সময় অপেক্ষা করতে হয় আর্জেন্টিনাকে। তাতে কোস্টারিকার ওপর একটা ঝড়ই বয়ে দিল আলবিসেলেস্তারা। ৯ মিনিটের ঝড়। এই সময়ের মধ্যে যে তিন গোল পেয়েছে আর্জেন্টিনা। বিরতিতে যাওয়ার ঠিক আগে ৩৫ থেকে ৪৩ মিনিটের ঝড়ে ডুবে যায় কোস্টারিকার নৌকা।বক্সের মধ্যে থেকে ৩৫ মিনিটে আলভারেজের ডান পায়ের দারুণ ফিনিশিংয়ের রেশ শেষ না হতেই উৎসবে আবারও মাতেন পাজ। ৩৯ মিনিটে তার নেওয়া ডান পায়ের শটটি ছিল বুলেট গতির। আলভারেজের ফিরতি গোলটি যেন তার সতীর্থকেও ছাড়াল। বাঁ প্রান্তের দূরুহ কোণ থেকে আতলেতিকো মাদ্রিদের উইঙ্গারের বাঁ পায়ের বুলেট শট।বিরতির পর জোড়া গোলের নায়করা আর মাঠে নামেননি। এবার খেল শুরু ‘মাস্তান’ খ্যাত মাস্তানতুয়ানোর। বাঁ পায়ে নিজের প্রথম গোলটি করেন ৪৮ মিনিটে। আর নিজের দ্বিতীয় ও দলের হয়ে কোস্টারিকার জালে শেষ পেরেক মারেন ৮৯ মিনিটে। মাঝে ৭৮ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে গোলের খাতায় নাম তোলেন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার।
রিপোর্টার্স২৪/ঝুম