বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট ২০২৫”-এর ফাইনালে উঠেছে গোকুল ইউনিয়ন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ১৬নং ওয়ার্ডকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারায় গোকুল ইউনিয়ন। বিজয়ী দলের হয়ে আতিক দুটি এবং মিষ্টার ও বাবু মিয়া একটি করে গোল করেন।
খেলা উপভোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল উপভোগ করেন।
আগামী ২৯ সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ১২নং ওয়ার্ড বনাম ২০নং ওয়ার্ড।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা