| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে উত্তেজনা,আধাবেলা সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ১২:৪৯:১৭:অপরাহ্ন  |  ১৫১৮৫১১ বার পঠিত
স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে উত্তেজনা,আধাবেলা সড়ক অবরোধ
ছবির ক্যাপশন: স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে উত্তেজনা,আধাবেলা সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি: গাড়ি ভাঙচুর, আগুন লাগানো, গাছ কেটে সড়কে ফেলা এবং টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি। এক মারমা স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে।

অবরোধ চলাকালে গুইমারার বাইল্যাছড়ি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশ কোচে হামলা চালানো হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং শান্তি পরিবহনের এক বাস চালকসহ পাঁচজন আহত হন। এছাড়া চেঙ্গীব্রিজ, সদর উপজেলা, রামগড় ও পানছড়ি সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। পাহাড়ি ছাত্র পরিষদসহ আরও কয়েকটি সংগঠন এ কর্মসূচিতে সংহতি জানায়।

শহরের চেঙ্গীব্রিজ, স্টেডিয়াম এলাকা এবং গুইমারার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। কোথাও কোথাও গাড়ি লক্ষ্য করে গুলতি নিক্ষেপের ঘটনাও ঘটে, ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়েন। বৃহস্পতিবার স্থানীয় সাপ্তাহিক হাটবার হলেও বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল খুবই কম। ব্যবসায়ীরা জানান, সড়ক অবরোধের কারণে বেচাকেনা প্রায় অচল হয়ে পড়ে।

তবে পৌর শহরের ভেতরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা যান চলাচল শুরু হয় এবং ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরে আসে। সকাল থেকে বিরাজ করা আতঙ্কও দুপুর নাগাদ অনেকটা কমে আসে।

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) আরেফিন জুয়েল জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “শহরে প্রবেশ করা নৈশ কোচগুলো নিরাপত্তা পাহারায় গন্তব্যে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

এদিকে ধর্ষণবিরোধী এ আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়লেও আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪