নাটোর প্রতিনিধি : এবছর ঈদের দিন নাটোরের লালপুরে ঈদগাহে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণ মামলার আত্মগোপনে থাকা দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়।
লালপুর থানা সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার বালিতিতা-রামকৃষ্ণপুর ঈদগাঁহ্ ময়দানে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মীরা "জয় বাংলা" স্লোগান দিলে উত্তেজনা সৃষ্টি হয়। উপস্থিত স্থানীয় লোকজন প্রতিবাদ করলে একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে লাঠি সোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে রামকৃষ্ণপুর চিনি বটতলা মোড় এলাকায় বিএনপি ও সাধারণ জনতার উপর হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে শরিফুল ইসলাম সুজাত নামের এক বিএনপি কর্মী গুলিবৃদ্ধ সহ কয়েকজন আহত হয়।
এ ঘটনায় গুলিবিদ্ধ সুজাতের বাবা আরজেল আলী বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের নির্দেশনায় শুক্রবার ভোর রাতে বিলমাড়ীয়া এলাকায় থানার সেকেন্ড অফিসার এসআই আবু তাহের ও এসআই মাসুমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উক্ত মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা রামকৃষ্ণপুর গ্রামের মিন্টু খামারুর দুই ছেলে মামুন খামারু (৩৫), ও নবাব খামারু (২০) কে পুলিশ গ্রেফতার করেন। শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত জানান, আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে ।
রিপোর্টার্স২৪/এসএন