এম এ মল্লিক সোহাগ, স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এতে জুলাই আন্দোলনের সক্রিয় সদস্য হাবিবুল বাশার, সিফাত, রাসেলসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথিত বিএনপি নেতা মোস্তাফিজুর হাবিব সুনমের নেতৃত্বে রক্সি, অনন্ত ও অপূর্বসহ কয়েকজন শিক্ষার্থীদের ডেকে নেয়। পরে তাদের অকথ্য ভাষায় গালমন্দ করে। এসময় শিক্ষার্থীর প্রতিবাদ করলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে।
আহত হাবিবুল বাশার রিপোর্টার্স-২৪ কে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে দীর্ঘদিন ধরে হুমকি পেয়ে আসছিলেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে মাঠে ডেকে নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।
আরেক আহত শিক্ষার্থী রাসেল বলেন, ব্রাদার্স ক্লাবের ভেতরে একত্রিত হয়ে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। স্ট্যাম্প, ব্যাট দিয়ে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
স্থানীয় সূত্র জানায়, সুনম নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে নানা অপকর্ম করছে। তিনি এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে তুলেছেন। তার নেতৃত্বে আগেও মারধরের ঘটনা ঘটেছে, যা বর্তমানে পিবিআই তদন্ত করছে। তবে বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, সুনমের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।
এদিকে এ ঘটনায় উত্তরার বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সময় খবর পেয়ে তুরাগ থানা পুলিশ ও দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হামলাকারীরা পালিয়ে যায়।
তুরাগ থানার ওসি মো. মনিরুল ইসলাম রিপোর্টার্স-২৪ কে বলেন, সুনমের বাসায় রেড দিয়েছি, কিন্তু তাকে পাইনি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/এমএ