শিমুল চৌধুরী ধ্রুব: কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি নতুন গানের পাশাপাশি স্টেজ শো নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি সরব আছেন নেটদুনিয়ায়।
বুধবার (৩০ এপ্রিল) ন্যানসি তার ফেসবুকে ভক্ত ও শুভাকাক্সক্ষীদের উদ্দেশ্যে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, বুয়েট ক্লাব আয়োজিত অনুষ্ঠানে বুধবার তার গান গাওয়ার কথা ছিল। কিন্তু এর আগের দিন মঙ্গলবার তাকে অনুষ্ঠানে গান না গাইতে বলেন আয়োজকরা।
ন্যানসি পোস্টে লেখেন, ‘আজ (বুধবার) সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গতরাতে জানতে পারি আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’
কারণ হিসেবে আয়োজকরা তাকে জানায়, বুয়েট ক্লাবের সভাপতি পদপ্রার্থী তাদের (আয়োজকদের) জানিয়েছে, রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে শিল্পীদের নামের তালিকা দেখে। তাদের কথায়, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এমন কোনো শিল্পী অনুষ্ঠানে অংশ নিলে তারা অনুষ্ঠান বয়কট করবে। আর শিল্পীকে এটি জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে।
এ বিষয়ে প্রশ্ন রেখে ন্যানসি বলেন, ‘বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রীম সম্মানী না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে?’
সবশেষ ন্যানসি বলেন, নিয়ম অনুযায়ী পুরো সম্মানী আমার বাসায় অতি দ্রুত পাঠিয়ে দেবেন। অনুষ্ঠানের একটি প্রমো ভিডিও তারা তৈরি করেছিল, যেখানে আমার নামের আগে বিশেষণ দেওয়া হয়েছে ‘মেলোডি কুইন’! আপনারা পারেনও বটে!
এদিকে সোমবার সন্ধ্যায় ন্যানসির নতুন গান প্রকাশ হয়েছে। গানের শিরোনাম ‘জানি আমি নেই’। গানটি লিখেছেন ও সুর করেছেন শাকিলুর রহমান প্রিন্স। আর সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। ন্যানসির নিজের ইউটিউব চ্যানেলে স্যাড-রোমান্টিক ধাচের এ গানটি প্রকাশ হয়েছে।