চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: দীর্ঘ ৩৫ বছর আগের জবর দখলকরা ১ একর সাড়ে ৭ শতাংশ জমি অবশেষে দখল মুক্ত করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছেন বিজ্ঞ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, জেলা জজ কোর্টের উকিল কমিশনার স্বপন কুমার মজুমদার, জেলা দায়রা জজ নাজির মো. রফিক উদ্দিন ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থেকে ঢাক-ঢোল পিটিয়ে বিরোধীয় জমি দখলমুক্ত করেন। এ সময় দখল হওয়া জমিতে গড়া দু’টি স্থাপনা অপসারণ করা হয় এবং জমির আগাছা কেটে উন্মুক্ত করে প্রকৃত মালিকদের দখল বুঝে দেন আদালত।
জানা যায়, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে পূর্ব বি.এস ডাঙ্গী গ্রামের বিএনপি নেতা এ.জি.এম বাদল আমিন গং কর্তৃক ১৯৮৮ সাল থেকে এলাকার কিছু অসহায় পরিবারের জমি জবর দখল করে ঘর বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। (এসব অসহায় পরিবারগুলো হলো- একই গ্রামের মৃত আবুল বাশার মোল্যা, মৃত আরশাদ আলী মোল্যা, মৃত মো. চাঁন মোল্যা, মালেক মোল্যা, জলিল ফকির,মো. মমিন মোল্যা, মো. মোজাফ্ফর মোল্যা ও খালেক মোল্যা।) এসব পরিবারের প্রায় ২৬০ শতাংশ জমি জবর দখল করে নেওয়ার অভিযোগ ওই নেতার বিরুদ্ধে। এদের মধ্যে আরশাদ আলী মোল্যা গংরা বাদী হয়ে তাদের জমি ফিরে পেতে ২০০৪ সালে ফরিদপুর দায়রা জজ আদালতে মামলা করেন। উক্ত মামলায় বাদী পক্ষ ২০০৯ সালে প্রাথমিক ডিগ্রী এবং ২০২৫ সালের ৪ জুন চূড়ান্ত ডিগ্রী পান। এরপর বাদী পক্ষ জারী মামলা করলে চরভদ্রাসন সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক শারমীন নাহার গত ২১ সেপ্টম্বর বাদী পক্ষকে বেদখলীয় ১ একর সাড়ে ৭ শতাংশ জমি বুঝিয়ে দেওয়ার আদেশ দেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে কোর্টের নির্দেশনা ইস্যু করেন। সেমতে বিজ্ঞ আদালত প্রশাসনের উপস্থিতিতে গত ২৫ সেপ্টেম্বর ঢাক-ঢোল পিটিয়ে অসহায় পরিবারের জমি গুলো উদ্ধার করে বুঝে দেন।
এ.জি.এম বাদল আমিন চরভদ্রাসন সরকারি কলেজের বিএনপি প্যানেলের সাবেক ভিপি ছিলেন। পরবর্তীতে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এবং ২০১৪ সালে বিএনপি’র পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এ.জি.এম বাদল আমিনরা রয়েছেন আপন নয় ভাই । তিনি ওই এলাকার প্রভাবশালী নেতা ।
এ সময় উক্ত জমির এক মালিকের ছেলে মেহেদী হাসান বলেন, “এলাকার প্রভাবশালী বিএনপি নেতা বাদল আমিন গংরা বিগত ৩৫ বছর ধরে আমাদের মূল্যবান জমি জবর দখল করে রেখেছিল। দীর্ঘকাল পর মাননীয় আদালত আমাদের জমি ফিরিয়ে দিয়েছেন। তাই আমরা বিজ্ঞ আদালতের কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করছি”।
২০২২ সালের জুন মাসে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। যা ১ জুন হতে ৫ জুন তারিখ পর্যন্ত কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া নিউজ আকারে প্রকাশিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন বলেন, “আমরা কোর্টের নির্দেশনাটি বাস্তবায়ন করতে পেরেছি এবং বে-দখল হওয়া জমিগুলো দখলমুক্ত করে শান্তিপূর্ণ ভাবে প্রকৃত মালিকদের বুঝে দিতে পেরেছি ।”
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা