বগুড়া প্রতিনিধি: শনিবার সকালে বগুড়া শহরের বড়কুমিড়া বাঁশবাড়িয়া এলাকায় পূজামণ্ডপের রাস্তায় পূজারীদের চলাচলের জন্য ইট বিছিয়ে দেয়া হয় ও মণ্ডপ পর্যন্ত রাস্তা চলাচলের জন্য সড়ক পরিচ্ছন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাসেদ, মাওলানা সুলতান আলী, মোর্শেদুল ইসলাম সুইট, আবু হুর ফারাজী, মুক্তার হোসেন, ওবায়দুল হোসেন, দিলদার হোসেন প্রমুখ। পরে তিনি পূজা মণ্ডপ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন অনন্ত চন্দ্র প্রামাণিক, হেমন্ত কুমার সরকারসহ নেতৃবৃন্দ।
মত বিনিময়কালে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, দেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশি। দেশটা আমাদের সবার। আমরা সবাই দেশকে সুখী-সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। আপনারা আমাদের সম্পদ। ফ্যাসিস্ট সরকার পালানোর পর আমাদের লোকজন আপনাদের পূজা মণ্ডপ পাহারায় নিয়োজিত ছিল।
অপর দিকে বিকেলে সাবগ্রাম হাটে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল গণসংযোগ করেন। গণ সংযোগকালে সাবগ্রাম হাটে পথসভায় তিনি বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন শহর আইন সম্পাদক এ্যাডভোকেট শাহীন মিয়া, মাস্টার শামসুজ্জামান, ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম প্রমুখ।
তিনি আরো বলেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। পি আর পদ্ধতির ভোট দাবি করে তিনি বলেন, এটা এখন জনগণের দাবি। এ পদ্ধতিতে ভোট হলে কোন ভোটারের ভোট নষ্ঠ হবে না। তিনি সরকারের উভয় কক্ষে পিআর পদ্ধতির জোর দাবি জানান।
রিপোর্টার্স২৪/আয়েশা/এসসি