| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ, ১৪৪ জারি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১৩:৩৮:১০:অপরাহ্ন  |  ১৪৭৯৭৭৮ বার পঠিত
খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ, ১৪৪ জারি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার পর এবার জেলার গুইমারা উপজেলায়ও ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার।

প্রশাসন সূত্রে জানা যায়, জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গুইমারার যৌথখামার ও বাইল্যাছড়ি এলাকায় উত্তেজনা দেখা দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুপুর ২টা থেকে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায়ও ১৪৪ ধারা জারি করা হয়।

বিকেল ৫টা পর্যন্ত খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া থেকে নারিকেল বাগান এলাকায় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক রাউন্ড গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর আগে সদর উপজেলার নারানখাইয়া থেকে উপজেলা পরিষদ পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজার ও নারিকেল বাগান এলাকায় পৃথক ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় কয়েকটি দোকানে হামলা চালিয়ে মালামাল ভাঙচুর করা হয়।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহত হয়ে এ পর্যন্ত ১২ জন চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ইয়ামিন (২২) হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত অন্যদের মধ্যে রয়েছেন মেহেদী (২৮), পলাশ (৩০), হারিজ (১৬), মো. ইউসুফ (২২), আরমান হোসেন (১৮), রাজু (৩০), রাখাল নাথ (৪৫), বাবুল (৩০), জামাল হোসেন (৩৫), হাসান (৩৫) ও আসিফ (২২)। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিমা বড়ুয়া জানান, আহতদের বেশিরভাগের শরীরে কাঁচ ভাঙা, গুলতি ও বাঁশের আঘাতের ক্ষত রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির খাগড়াছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন জানান, বর্তমানে স্বনির্ভর বাজার থেকে উপজেলা পর্যন্ত এলাকা বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। 

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল সকলকে ঘরে থাকার অনুরোধ করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রসঙ্গত, এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’র নামে আজ শনিবার অবরোধ ডাকা হয় খাগড়াছড়িতে। অবরোধের ফলে জেলার সর্বত্র যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে সাজেকসহ বিভিন্ন স্থানে হাজার হাজার পর্যটক আটকা পড়েছেন। শহরের কয়েকটি এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিকেল থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে। ফলে খাগড়াছড়ি সদর ও পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪