শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল): ষষ্ঠীর সূর্যোদয় থেকে শারদীয় দুর্গোৎসবের আবাহনে কালিহাতীর পথে-ঘাটে, মন্দিরে-মণ্ডপে নেমেছে উৎসবের ঢেউ। পূজার গান, ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে মুখরিত চারপাশ। প্রতিটি প্রতিমা যেন রঙ-তুলির জাদুতে সাজানো হয়েছে অপূর্ব শৈলীতে, যা দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে।
এবার কালিহাতী উপজেলার দুইটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নে ১৬৮ টি পূজামণ্ডপে আয়োজনের কথা থাকলেও মানুষের উৎসাহ-উদ্দীপনায় যুক্ত হয়েছে আরও ৭ টি নতুন মণ্ডপ। ফলে মোট ১৭৫টি পূজামণ্ডপে শুরু হলো এবারের শারদীয় দুর্গাপূজা।
গ্রাম থেকে শহর সবখানেই এখন এক অনন্য মিলনমেলা। সকাল থেকেই দর্শনার্থীরা ভিড় করছেন মণ্ডপে মণ্ডপে। প্রতিমার কারুকাজ, আলো আর শৈল্পিক সজ্জা তাদের মুগ্ধ করছে প্রতিক্ষণ। ভক্তদের বিশ্বাস, মা দুর্গার আগমনে অশুভ শক্তি বিনাশ হবে এবং চারদিকে শান্তি-সমৃদ্ধি ছড়িয়ে পড়বে।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিক জানান, এবছর কালিহাতীতে মোট ১৭৫ টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং স্থানীয় প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে নির্বিঘ্নে পূজা সম্পন্ন হয়।
ষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হলো দেবী আরাধনার মহোৎসব। আগামী কয়েকদিন ধরে সপরিবারে, সমাজ-সম্প্রদায় নির্বিশেষে হাজারো মানুষ ভিড় করবেন প্রতিমা দর্শনে। আলো, রঙ আর আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে কালিহাতীর প্রতিটি রাত।
এই শারদীয় দুর্গোৎসব তাই শুধু ধর্মীয় আয়োজন নয়; বরং হয়ে উঠেছে মানুষে মানুষে মিলনের এক মহামেলবন্ধন,যেখানে ভেদাভেদ নয়, উৎসবই হয়ে উঠেছে সবার পরিচয়।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা