| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়ির হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ-সমাবেশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ১৮:০৯:২৩:অপরাহ্ন  |  ১৫১২০৬৪ বার পঠিত
খাগড়াছড়ির হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ-সমাবেশ
ছবির ক্যাপশন: খাগড়াছড়ির হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ-সমাবেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের পরও ধর্ষকদের গ্রেপ্তার ও বিচার না করে উল্টো জুম্ম ছাত্র-জনতার শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে হামলা করা হয়েছে অভিযোগ তুলেছে ‘সচেতন ছাত্র-যুব-নাগরিক সমাজ’।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় এলাকায় খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচিতে হামলা ও সহিংসতার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল ও সমাবেশে এমন অভিযোগ তোলেন তারা।

এর আগে নগরের ডিসি হিল এলাকা থেকে মিছিল শুরু করেন তারা। মিছিলটি ডিসি হিল, চেরাগী মোড়, প্রেস ক্লাব ঘুরে চেরাগীতে শেষ হয়।

সমাবেশে সচেতন ছাত্র-যুব-নাগরিক সমাজের প্রতিনিধি দীপায়ন চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের নগরের সভাপতি সাইফুর রুদ্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগরের সাংগঠনিক সম্পাদক আবদুল আল জাওয়াদ, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সোহেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমা প্রমুখ।এ সময় বক্তারা বলেন, খাগড়াছড়িতে এক পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের পরও ধর্ষকদের গ্রেপ্তার ও বিচার না করে উল্টো জুম্ম ছাত্র-জনতার শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে হামলা করা হয়েছে। তিন দিন ধরে খাগড়াছড়িতে চলমান অবরোধে শামিল হওয়া ছাত্র-জনতার ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং গুইমারায় গুলিবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে। যা নিন্দনীয় এবং রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকারকে খারিজ করার শামিল।

বক্তারা আরও বলেন, অবিলম্বে চলমান পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে শান্তিপূর্ণ সমাধান ও ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী প্রণয় চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সিঞ্চন ভৌমিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধন কিশোর ত্রিপুরা প্রমুখ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪