শেরপুর প্রতিনিধি : কবিসংঘ বাংলাদেশের মাসিক ভাঁজপত্র অরিত্র’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। ৩রা অক্টোবর শুক্রবার বিকেলে শহরের বটতলাস্থ কার্যালয়ে আয়োজিত মাসিক সাহিত্যালাপ শেষে ওই ভাঁজপত্রের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের সভাপতি ও কবিসংঘ’র ভারপ্রাপ্ত সভাপতি কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার।
অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্র গবেষক-কবি ও প্রাবন্ধিক আহমদ রফিকের প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শরৎ ও শারদ নিয়ে আলোচনায় অংশ নেন কবি-ছড়াকার অধ্যক্ষ আইয়ুব আকন্দ বিদ্যুৎ, কবি ও শিশু সাহিত্যিক মোস্তাফিজুল হক ও লেখক-গবেষক ড. বিভূতিভুষণ মিত্র।
অন্যান্যের মধ্যে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোহাম্মদ রবিউল আলম টুকু, কবি আবু বকর সিদ্দিকী খান, কবি মাছুদুল আলম সরকার, কবি নাছিম তালুকদার, কবি শেখ জামাল, কবি কামরুজ্জামান বাদল ও কবি মো.হানজালা প্রমুখ।
উল্লেখ্য, সংগঠনের মাসিক ভাঁজপত্র অরিত্র’র প্রধান সম্পাদক হিসেবে রয়েছেন কবি আরিফ হাসান।
সম্পাদকের দায়িত্বে রয়েছেন কবি-ছড়াকার মোস্তাফিজুল হক। প্রথম সংখ্যায় স্থান পেয়েছে সংগঠনের ১৫ জন কবি-ছড়াকারের কবিতা ও ছড়া। পরবর্তী সংখ্যার জন্য সংগঠনের সকল পর্যায়ের সদস্যদের কাছ থেকে সর্বোচ্চ ১৬ লাইনের মধ্যে দুটি করে কবিতা বা ছড়া আহ্ববান করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা