| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু নিয়ে আদেশ ২ ডিসেম্বর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ১৬:১২:১০:অপরাহ্ন  |  ৩০০ বার পঠিত
জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু নিয়ে আদেশ ২ ডিসেম্বর

রিপোর্টার্স২৪ ডেস্ক: ‎জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে। উভয়পক্ষের বক্তব্য শুনে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই দিন দুই আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।

বুধবার (১৮ নভেম্বর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পক্ষে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। শুনানিতে তিনি দুই আসামির বিরুদ্ধে পৃথকভাবে অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় জাহাংগীর আলম স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করতেন। দিনের বেলায় সচিব হিসেবে দায়িত্ব পালন করলেও রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির বৈঠকে অংশ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনের নীলনকশা প্রণয়নে যুক্ত ছিলেন।

প্রসিকিউটর বলেন, আন্দোলন দমনে কাগজে-কলমে নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কারফিউ জারি। এই কারফিউয়ের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিপুল-সংখ্যক ছাত্র-জনতা নিহত হন। এসব ঘটনায় দুই আসামির সংশ্লিষ্টতার বিষয়ে প্রসিকিউশনের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

আবদুস সাত্তার পালোয়ান বলেন, প্রাইমা ফেসি বা আপাতদৃষ্টিতে অভিযোগের সত্যতা বিবেচনায় জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের যথেষ্ট ভিত্তি রয়েছে। তাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান তিনি।

এরপর জাহাংগীর আলমের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মজিবুর রহমান। তিনি তার মক্কেলকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। শুনানিতে আইনজীবী বলেন, জাহাংগীর আলম সরকারি দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত কোনো উদ্দেশ্য তার ছিল না। এ ছাড়া সংশ্লিষ্ট বৈঠকগুলোতে তার উপস্থিতি বাধ্যতামূলক ছিল। নিরুপায় হয়েই তাকে এসব বৈঠকে অংশ নিতে হয়েছে।

অন্যদিকে পলাতক ধনঞ্জয় কুমার দাসের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) আমির হোসেন। তিনি জাহাংগীর আলমের আইনজীবীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, প্রসিকিউশন দুই আসামির বিরুদ্ধে একই ধরনের অপরাধের অভিযোগ এনেছে। তবে ধনঞ্জয় কুমার দাস এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তিনি কেবল সরকারি দায়িত্ব পালন করেছেন। তাই তাকেও অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তিনি।

আসামিপক্ষের শুনানি শেষে রাষ্ট্রপক্ষে পাল্টা যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, কেউ সরকারের দায়িত্বশীল পদে থাকলেই মানবতাবিরোধী অপরাধের দায় থেকে মুক্তি পাবেন, এমন নয়। দায়িত্ব পালনের আড়ালে অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এই আইনের আওতায় অভিযুক্ত করা যেতে পারে। কোনো কর্মকাণ্ড আইনসম্মত বলে দাবি করা হলেও এর পেছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য ও সংশ্লিষ্টতা বিবেচনায় নিতে হবে।

উভয়পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল ২ ডিসেম্বর আদেশের দিন ধার্য করেন। ওই দিন আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর বিষয়ে সিদ্ধান্ত আসবে।

এর আগে গত ২৭ আগস্ট জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই দিন তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

মামলায় দুই আসামির বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়সহ জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪