রিপোর্টার্স২৪ ডেস্ক :
ইউরোপজুড়ে ভারী তুষারপাতে জনজীবন বিপর্যস্ত, বিদ্যুৎ-পানির সংকটে লাখো মানুষ। ইউরোপজুড়ে অব্যাহত ভারী তুষারপাত ও বরফবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পশ্চিম বলকান অঞ্চলের হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে শুক্রবার থেকে। এতে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
চলতি সপ্তাহে সার্বিয়া ও বসনিয়ার পার্বত্য এবং পাহাড়ি এলাকায় অস্বাভাবিক তুষারপাত হয়েছে। এতে গাছপালা ভেঙে পড়ে বিদ্যুৎ লাইন ছিন্ন হয়ে গেছে। নিম্নাঞ্চলে অবিরাম বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। বহু এলাকায় পানির সংকট দেখা দিয়েছে, ব্যাহত হয়েছে টেলিফোন ও মোবাইল যোগাযোগ ব্যবস্থা।
সার্বিয়ার একাধিক পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বসনিয়ায় বরফে ঢাকা সড়কগুলো বন্ধ থাকায় শুক্রবার যান চলাচল বন্ধ রাখতে হয়। চালকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন।
এদিকে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বেশিরভাগ এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন এই দুর্যোগ অব্যাহত থাকতে পারে।
তুষারঝড়ের প্রভাব পড়েছে যুক্তরাজ্য ও জার্মানিতেও। মাঝেমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে বিমান চলাচল। লিভারপুলের জন লেনন বিমানবন্দর, ম্যানচেস্টার, বার্মিংহাম ও লিডস ব্র্যাডফোর্ড বিমানবন্দরেও শুক্রবার তুষারঝড়ে বিমান ওঠানামা সাময়িক বন্ধ রাখা হয়।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ইউরোপের প্রায় ৬ কোটি মানুষ এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগামী সোমবার আরও একটি শীতকালীন ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে, গত ১০ বছরে ইউরোপে এমন ভয়াবহ তুষারপাত দেখা যায়নি।
রিপোর্টার্স২৪/সোহাগ