বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কর্মরত দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুর ১টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মরত সাংবাদিকরা ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিককে এভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্তচিন্তার উপর এক গভীর আঘাত করে। হায়াত উদ্দিন ছিলেন পেশার প্রতি নিবেদিতপ্রাণ, সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিক। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম কখনো স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তাই এ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিককে প্রাণ দিতে না হয়।’
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা