খুলনা প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, যদি কখনও জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তবে মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। রবিবার (৫ অক্টোবর) বিকালে খুলনার তেরখাদা উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাবিব-উন-নবী সোহেল বলেন, জামায়াত বিদেশি শক্তিকে খুশি করতে দলীয় লোগো পর্যন্ত পরিবর্তন করেছে। এভাবে চলতে থাকলে তারা একদিন হাফপ্যান্ট পরেও ঘুরবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণ করে তিনি আরও বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে, মা-বোনদের হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে কী মুখে ভোট চায়?
‘যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকা’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবীর।
প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, তেরখাদার উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। বিএনপি ক্ষমতায় এলে তেরখাদার রাস্তা-ঘাট সংস্কার, আধুনিক স্বাস্থ্যসেবা ও বিল বাশুয়াখালী ও ভূতিয়ার বিল এলাকার পুনর্গঠন করা হবে।
তেরখাদার শিক্ষার হার বর্তমানে ৬৫ শতাংশ। এটি বৃদ্ধি করা এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে পরবর্তী সরকারের অগ্রাধিকার। তারেক রহমানের কর্মসংস্থান পরিকল্পনার কথা তুলে ধরে হেলাল জানান, বিএনপি সরকারে এলে এক বছরের মধ্যে দেশে ১ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
সমাবেশে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েদ ও সদস্য সচিব নাজিমুজ্জামান জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী এবং খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আউর রহমান রনুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/সোহাগ