| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ০৯:৪০:৪০:পূর্বাহ্ন  |  ১৪৩৫৪৫৬ বার পঠিত
রাঙ্গামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

রাঙ্গামাটি প্রতিনিধি : আত্মশুদ্ধি, ক্ষমা আর শান্তির বার্তা নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে রাঙ্গামাটিতে উদ্‌যাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উৎসবের মধ্য দিয়েই শুরু হয়েছে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব, যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান দান অনুষ্ঠান।

সোমবার (৬ অক্টোবর) সকালে রাজবন বিহারে বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী ধর্মীয় আয়োজন। পরে মঙ্গলসূত্র শ্রবণ, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, চীবর দান, ফানুসবাতি দান ও পিণ্ডদানসহ নানা ধর্মীয় দানানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবন বিহার উপাসক–উপাসিকা পরিষদের সহসভাপতি নিরুপা দেওয়ান। ধর্মীয় দেশনা দেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। এতে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এদিন সকাল থেকেই রাজবন বিহার প্রাঙ্গণে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। পাহাড়ি ঐতিহ্যবাহী পোশাকে নারী–পুরুষ ও শিশুরা অংশ নেন বিভিন্ন ধর্মীয় আচার–অনুষ্ঠানে। কেউ প্রদীপ জ্বালিয়ে প্রার্থনায় মগ্ন, কেউ বা বুদ্ধমূর্তির সামনে পুষ্প নিবেদন করছেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রবারণা পূর্ণিমা আত্মসমালোচনা, পাপমোচন ও আত্মশুদ্ধির প্রতীক। বর্ষাবাস শেষে এই দিনে ভিক্ষুরা নিজেদের পর্যালোচনার মাধ্যমে আত্মশুদ্ধির অঙ্গীকার করেন। একই সঙ্গে ভক্তরাও একে অপরের প্রতি ক্ষমা প্রদর্শনের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব ও মৈত্রীর বার্তা ছড়িয়ে দেন।

উল্লেখ্য, গৌতম বুদ্ধের সময় থেকে প্রচলিত এই প্রথায় আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে ভিক্ষুরা আত্মসমালোচনার মাধ্যমে আত্মশুদ্ধির অঙ্গীকার করেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজও বৌদ্ধ সম্প্রদায় শান্তি ও শুভকামনার বার্তা ছড়িয়ে দিতে এই দিনটি পালন করে আসছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪