নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। নিহত হারুন চৌধুরী (৬০) নেত্রকোণা জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরের মদন থানার ওসি মো. শামসুল আলম শাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান - নেত্রকোণা জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান - নিহত “হারুন চৌধুরীর সঙ্গে পাশের রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিনের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাতে কৃষি জমিতে কাজের জন্য শ্রমিকের খোঁজে রুদ্রশ্রী গ্রামে যান হারুন চৌধুরী। এ সময় শাহাবুদ্দিন ও তার লোকজন হারুন চৌধুরীকে মারধর করলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন চৌধুরীকে মৃত ঘোষণা করেন।
রিপোর্টার্স২৪/এসএন