রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই শেষে এখন মূল আসরের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে শিকাগোতে চলমান বিক্ষোভের কারণে দ্বিতীয় ম্যাচের ভেন্যুতে এসেছে পরিবর্তন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আর্জেন্টিনা ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে এবং ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে খেলতে চেয়েছিল। কিন্তু শিকাগোতে অভিবাসী দমন অভিযানের প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় ম্যাচটি সরিয়ে নেওয়া হচ্ছে।
দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, নতুন ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে ইন্টার মায়ামির চেজ স্টেডিয়াম। ফলে আর্জেন্টিনার উভয় ম্যাচই অনুষ্ঠিত হতে পারে মায়ামিতে।
এই দুটি প্রীতি ম্যাচে কোচ লিওনেল স্কালোনি সুযোগ দেবেন এমন কিছু ফুটবলারকে, যারা সাধারণত কম খেলেন। একই সঙ্গে নতুন মুখদের সামর্থ্যও যাচাই করতে চান তিনি, বিশ্বকাপের আগে দলের গভীরতা পরখের অংশ হিসেবেই।
রিপোর্টার্স২৪/ঝুম