স্টাফ রিপোর্টার: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে বড় আকারের উড়োজাহাজ ক্রয় চুক্তি সই করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
প্রস্তাবিত এ চুক্তির আওতায় প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ৩৭ হাজার কোটি টাকা) মোট ১৪টি নতুন উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স জেট।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক এবং বিমান চলাচল খাতের সংশ্লিষ্টদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়জার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিনিধি চুক্তিতে সই করবেন।
বিমান সূত্র জানায়, অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন।
এ চুক্তি বাস্তবায়িত হলে এটি হবে বিমানের আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণ উদ্যোগ। কর্মকর্তারা বলছেন, দেশে যাত্রী চাহিদা বৃদ্ধি, বহর আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষ করে ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘ দূরত্বের রুটে সেবা বাড়াতে সহায়ক হবে। অন্যদিকে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলো স্বল্প ও আঞ্চলিক রুটে কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।