রিপোর্টার্স ২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, একটি যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ২০০ সেনা মোতায়েন করবে। তবে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, এই ২০০ সেনা টাস্কফোর্সের মূল অংশ হবে। এই বাহিনীতে মিসরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও থাকবেন।
গত বুধবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে হামাস ও ইসরায়েল চলমান আলোচনার তৃতীয় দিনে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর এই সেনা মোতায়েনের খবর এল। যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক এই চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। -এএফপি
চুক্তি অনুযায়ী গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি দুই পক্ষ বন্দিবিনিময় করবে। দুই পক্ষের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার এই খবরে গাজার বাসিন্দারা আনন্দ-উল্লাস করছেন। অন্যদিকে, যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তি পাওয়ার সুযোগ আসায় ইসরায়েলেও উদ্যাপন করা হয়েছে। সূত্র: রয়টার্স,
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে। এ সময়ের মধ্যে দুই ধাপে মাত্র দুই মাসের কিছুটা বেশি সময় সেখানে যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে হামলা চালিয়ে ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এবং প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি