| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে হোয়াইট হাউসের তীব্র প্রতিক্রিয়া

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ১৮:০৮:৫৯:অপরাহ্ন  |  ১৪৪৪৪১০ বার পঠিত
শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে হোয়াইট হাউসের তীব্র প্রতিক্রিয়া

আশিস গুপ্ত, নতুন দিল্লি : ভেনিজুয়েলার গণতন্ত্রপন্থী কর্মী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জেতার পর হোয়াইট হাউস থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে । পুরস্কারটি ডোনাল্ড ট্রাম্প নিজেই নিজের জন্য দাবি করেছিলেন, ভারত-পাকিস্তান সংঘাতের মতো বিষয়গুলিতে যুদ্ধ বন্ধ করার দাবির উপর ভিত্তি করে তিনি এই প্রচার চালিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেউং বলেন, "আরও একবার, নোবেল কমিটি প্রমাণ করলো যে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়।" 


তিনি আরও বলেন, "(তবে) প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি তৈরি করা, যুদ্ধ শেষ করা এবং জীবন বাঁচানোর কাজ চালিয়ে যাবেন। তাঁর মানবিক হৃদয় রয়েছে, এবং তাঁর ইচ্ছাশক্তির জোরে পর্বত সরাতে পারার মতো আর কেউ কখনো আসবে না।" ট্রাম্প নিজে এখনও কোনো মন্তব্য করেননি, তবে খুব শীঘ্রই তার পক্ষ থেকে একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া আশা করা হচ্ছে। 


অসলোতে নোবেল কমিটি এই বছরের মিলিয়ন ডলারের পুরস্কারের বিজয়ী হিসেবে মাচাদোর নাম ঘোষণা করে। ৫৮ বছর বয়সী এই রক্ষণশীল বিরোধী নেতা—যিনি মৃত্যুর হুমকির কারণে কয়েক মাস আত্মগোপনে ছিলেন—তাকে ভেনিজুয়েলার 'নিষ্ঠুর' রাষ্ট্রের বিরুদ্ধে 'একটি গুরুত্বপূর্ণ, ঐক্যের প্রতীক' হিসেবে প্রশংসা করা হয়। নোবেল কমিটির চেয়ার জর্গেন ওয়াটনে ফ্রাইডনেস বলেন, "নিজের জীবনের বিরুদ্ধে গুরুতর হুমকি থাকা সত্ত্বেও, তিনি দেশেই রয়ে গেছেন, এই সিদ্ধান্তটি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। যখন স্বৈরশাসকরা ক্ষমতা দখল করে, তখন স্বাধীনতা রক্ষার জন্য যে সাহসী যোদ্ধারা উঠে দাঁড়ান এবং প্রতিরোধ করেন, তাঁদের স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।" 


ট্রাম্পকে উপেক্ষা করার বিষয়ে ফ্রাইডনেস বলেন, কমিটি তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতীতের বিজয়ীদের 'সাহস ও সততা' দ্বারা অনুপ্রাণিত হয়েছে। তিনি হোয়াইট হাউসের ট্রাম্পের প্রচারের দিকে ইঙ্গিত করে ঘুরিয়ে বলেন, "আমি মনে করি এই কমিটি সব ধরনের প্রচার (এবং) মিডিয়া মনোযোগ দেখেছে..." ট্রাম্প দাবি করেছিলেন যে তাঁর দ্বিতীয় মেয়াদের নয় মাসে তাঁর কার্যালয় বিশ্বজুড়ে শান্তি চুক্তির কেন্দ্রে ছিল। এমনকি তিনি জানুয়ারিতে, ক্ষমতা গ্রহণের আগেই, দাবি করেছিলেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল-গাজা যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু হয়েছে। নয় মাস পরেও কোনোটিরই শেষ হয়নি। ট্রাম্পের চাপে নতি স্বীকার করতে রাশিয়া অস্বীকার করেছে। তবে এই সপ্তাহে ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্ব কার্যকর হওয়ার পর গাজায় কিছুটা স্বস্তি মিলেছে। 


ট্রাম্প জম্মু ও কাশ্মীরর পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার সামরিক প্রতিক্রিয়া, 'অপারেশন সিন্দূর'-এর পর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সংঘাতেরও মীমাংসা করেছেন বলে দাবি করেছিলেন। ভারত দৃঢ়ভাবে ট্রাম্পের পক্ষ থেকে মে মাসে পাকিস্তানের সাথে শত্রুতা বন্ধের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখার কথা নাকচ করে দিয়েছে, তারা স্পষ্ট জানিয়েছে যে সংঘাতটি কেবল পাকিস্তানের সরাসরি অনুরোধের পরই বন্ধ করা হয়েছিল।


রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪