| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্রান্সের প্রধানমন্ত্রী পুনরায় লেকর্নু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ০৬:৩৭:৫৩:পূর্বাহ্ন  |  ১৪৩৫৪৬২ বার পঠিত
ফ্রান্সের  প্রধানমন্ত্রী পুনরায় লেকর্নু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আবারও সেবাস্তিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।  তিনি এই পদ থেকে মাত্র চার দিন আগে পদত্যাগ করেছিলেন। 

শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এলিসি প্রাসাদে এই ঘোষণা দেন। তবে বৈঠকে চরম ডানপন্থী ও চরম বামপন্থী দলের নেতারা উপস্থিত ছিলেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।


মাত্র দুই দিন আগেই লেকর্নু জাতীয় টেলিভিশনে বলেছিলেন, “আমি এই পদটির পেছনে ছুটছি না, আমার দায়িত্ব শেষ।”


এলিসি প্রাসাদ জানায়, প্রেসিডেন্ট তাকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে লেকর্নুকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যেই তাকে সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করতে হবে।


৩৯ বছর বয়সী লেকর্নু ম্যাক্রোঁর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন। দায়িত্ব গ্রহণের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “দেশের বাজেট দ্রুত প্রণয়ন ও নাগরিকদের দৈনন্দিন সমস্যার সমাধানে কাজ করাই এখন আমার দায়িত্ব।”


সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজেকে নিঃস্বার্থ ও নিবেদিতপ্রাণ হিসেবে বর্ণনা করা লেকর্নু বলেন, “আমি এই মিশনে সফল হতে সর্বোচ্চ চেষ্টা করব।”


গত এক বছরে ফ্রান্সে বাজেট ঘাটতি ও জাতীয় ঋণ কমানোর প্রশ্নে গভীর রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছিল। এই কারণে গত এক বছরে তিনজনের মধ্যে দুইজন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।


চলতি বছরের শুরুতে ফ্রান্সের সরকারি ঋণ দেশের মোট উৎপাদনের প্রায় ১১৪ শতাংশে পৌঁছায়— যা ইউরোজোনের তৃতীয় সর্বোচ্চ। এ বছর বাজেট ঘাটতি জিডিপির ৫ দশমিক ৪ শতাংশে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।



তবে নতুন প্রধানমন্ত্রী শুরু থেকেই কঠিন বাস্তবতার মুখে পড়বেন। জাতীয় সংসদে ম্যাক্রোঁর কোনো সংখ্যাগরিষ্ঠতা নেই। অথচ লেকর্নুকে আস্থা ভোটে জয়ী হতে হবে। এর মধ্যে এলাবে পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রেসিডেন্টের জনপ্রিয়তা মাত্র ১৪ শতাংশে নেমে এসেছে— যা তার রাজনৈতিক জীবনে সর্বনিম্ন।




লেকর্নু এরই মধ্যে সম্ভাব্য জোট গঠনের জন্য বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করেছেন। তিনি প্রথমবার প্রধানমন্ত্রী নিযুক্ত হন গত ৯ সেপ্টেম্বর। কিন্তু রক্ষণশীল রিপাবলিকান দলের এক নেতার আপত্তিতে তিন সপ্তাহের মধ্যেই সরকার ভেঙে যায়।


রিপোর্টার্স২৪/সি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪