রিপোর্টার্স২৪ ডেস্ক: কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করেছে আফগানিস্তান।
রোববার (১২ অক্টোবর) ভারত সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত রাতে আমাদের সামরিক লক্ষ্য পূর্ণ হয়েছে। এরপর আমাদের বন্ধু কাতার ও সৌদি আরব সুপারিশ করেছে, এই দ্বন্দ্ব এখনই শেষ হওয়া উচিত। তাই আমরা আপাতত সংঘাত স্থগিত করেছি।
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের জনগণ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান। সাধারণ মানুষ আমাদের জন্য কোনো হুমকি নয়। তবে যখন কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে তখন আমাদের জনগণ, সরকার ও ধর্মীয় নেতারা দেশের স্বার্থে একযোগে লড়াইয়ে এগিয়ে আসে।
তিনি বলেন, পাকিস্তান যদি সত্যিকারের শান্তি এবং বন্ধুত্বের আগ্রহ দেখাতে না চায়, তাহলে আফগানিস্তানের হাতে অন্য বিকল্পও রয়েছে।
আফগান-পাক সংঘাত প্রসঙ্গে সৌদি আরবের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য উত্তেজনা প্রশমন এবং উভয় পক্ষের সংযমের আহ্বান জানায় সৌদি আরব। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত। এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা চেয়ে যাবতীয় আঞ্চলিক বা আন্তর্জাতিক চেষ্টাকে আমরা সমর্থন করি। পাকিস্তানি এবং আফগান ভাইদের সমৃদ্ধির জন্য এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব বদ্ধপরিকর।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি বিশেষ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। সেই চুক্তির শর্ত অনুযায়ী, স্বাক্ষরকারী যে কোনও দেশের ওপর তৃতীয় কোনও দেশের হামলা উভয়ের ওপর হামলা হিসেবে দেখা হবে এবং উভয়েই সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে।
রিপোর্টার্স২৪/এসসি