আশিস গুপ্ত, নতুন দিল্লি : সোমবার ইসরায়েলি পার্লামেন্টে (ক্নেসেট) ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে (তাঁর ডাকনাম 'বিব' )ধরে বলেন, "বিব, এখন তুমি একটু ভালো ব্যবহার করতে পারো, কারণ তুমি আর যুদ্ধে নেই।" ট্রাম্প ইসরায়েলি বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদেরও প্রশংসা করে তাঁকে একজন "খুব ভালো বিরোধীদলীয় নেতা" এবং "ভালো মানুষ" হিসেবে অভিহিত করেন।
ট্রাম্প বলেন, "এই মুহূর্তের সুযোগগুলিকে কাজে লাগিয়েই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি - তা হলো বিগত বছরগুলোর সেই ভয়াবহতা যেন আর কখনও না ঘটে। আপনারা নিশ্চয়ই আর এর মধ্যে দিয়ে যেতে চান না।" ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে হামাস ইন্টারন্যাশনাল রেড ক্রসের হাতে দ্বিতীয় দফায় জীবিত ১৩ জন ইসরায়েলি পণবন্দিকে তুলে দিয়েছে। এর আগে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীটি প্রথম ধাপে সাতজনকে মুক্তি দিয়েছিল। এই চুক্তির ফলে দুর্ভিক্ষপীড়িত গাজা ভূখণ্ডে মানবিক সাহায্য পৌঁছানোরও আশা করা হচ্ছে। কাতার এবং তুরস্কসহ অন্যান্য মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে মিশরে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনার মাধ্যমে গত সপ্তাহে ইসরায়েল এবং হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হওয়ার পরই দুই বছরের এই যুদ্ধের আপাত সমাপ্তি ঘটে।
"শান্তি চুক্তির" প্রথম পর্ব স্বাক্ষরিত হওয়ার পর ইসরায়েলি বাহিনী গাজা সিটি থেকে একটি সম্মত হলুদ রেখা পর্যন্ত নিজেদের প্রত্যাহার করে নেয়, যার ফলে বাস্তুচ্যুত কয়েক লক্ষ ফিলিস্তিনি তাদের ধুলোয় ঢাকা ধ্বংসস্তূপের মতো ঘরবাড়িতে ফিরে যাওয়ার সুযোগ পান। ইসরায়েলি সামরিক বাহিনী যে অঞ্চলগুলি থেকে সরে এসেছে, সেখানে সশস্ত্র পুলিশকে রাস্তায় টহল দিতে এবং ত্রাণবাহী ট্রাকগুলিকে নিরাপত্তা দিতে দেখা গেছে। এদিকে, চলমান উত্তেজনা সত্ত্বেও ট্রাম্প ইরান-এর সঙ্গে শান্তি চুক্তি করার আকাঙ্ক্ষা প্রকাশ করে বলেন, "যদি আমরা তাদের সঙ্গে একটি শান্তি চুক্তি করতে পারি, তবে তা হবে অসাধারণ... এটি কি সুন্দর হবে না?"
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র যেখানে তেহরানের বিরুদ্ধে সামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি ব্যবহারের অভিযোগ করছে, সেখানে ইরান বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ।
গাজা শান্তি চুক্তি উদযাপন অনুষ্ঠানের সময় সোমবার ইসরায়েলি সংসদে (ক্নেসেট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতায় বাধা দেওয়ায় এক বামপন্থী সাংসদকে সংসদ থেকে বের করে দেওয়া হয়। ট্রাম্প যখন বিশেষ দূত স্টিভ উইটকফ-এর প্রশংসা করছিলেন তখনই এই ঘটনা ঘটে।
উল্লেখ্য ইসরায়েল এবং প্যালেস্টাইনি জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে দুই বছরের যুদ্ধ শেষ করার জন্য শান্তি চুক্তির খসড়া তৈরিতে মূল ভূমিকা পালন করেছিলেন স্টিভ উইটকফ। নিরাপত্তা কর্মীরা তাঁকে বের করে দেওয়ার আগে ওই ইসরায়েলি সংসদ সদস্যকে তাঁর চেয়ার থেকে 'প্যালেস্টাইন কে স্বীকৃতি দাও' স্লোগান প্রদর্শন করতে দেখা যায়।
রিপোর্টার্স২৪/এসসি