আশিস গুপ্ত, নতুন দিল্লি : রাজস্থানের জয়সলমের থেকে যোধপুরগামী একটি বেসরকারি বাসে আগুন লেগে যাওয়ায় এক ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটে ।এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, রাজস্থানের জয়সলমীরে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি মর্মাহত।
এই কঠিন সময়ে তিনি শোকাহত পরিবারগুলির পাশে আছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী একইসঙ্গে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলেন এবং এটি জয়সলমের থেকে বিকাল ৩টা নাগাদ যাত্রা শুরু করেছিল। জয়সলমের-যোধপুর হাইওয়ে ধরে যাওয়ার সময় বাসের পিছনের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
চালক সঙ্গে সঙ্গে রাস্তার ধারে বাসটি থামিয়ে দেন, কিন্তু দুর্ভাগ্যবশত মুহূর্তের মধ্যেই আগুন সারা বাসে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। দ্রুত দমকল বাহিনী এবং পুলিশও পৌঁছায়। আহত যাত্রীদের প্রথমে জয়সলমেরের জওহর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গুরুতর আহত ১৬ জনকে উন্নত চিকিৎসার জন্য পরে যোধপুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে।জয়সলমের জেলা প্রশাসন নিশ্চিত করেছে যে ত্রাণ ও উদ্ধার অভিযান সঙ্গে সঙ্গে শুরু করা হয়েছিল।
জেলা কালেক্টর প্রতাপ সিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে আহত যাত্রীরা দ্রুত চিকিৎসা সুবিধা পান। ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্যের জন্য হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও দুর্ঘটনাটি পরিদর্শন করতে জয়সলমের পৌঁছান। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করার জন্য তিনি সেনা কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই মর্মান্তিক ঘটনার কারণে মুখ্যমন্ত্রী তাঁর পাটনায় পূর্বনির্ধারিত একটি প্রচার কর্মসূচি বাতিল করেছেন। রাজ্যপাল হরিভাউ বাগাড়ে, প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোরের মতো রাজনৈতিক নেতারাও এই ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শর্মা তাঁর 'এক্স' (টুইটার) পোস্টে বলেছেন যে, আহতদের যথাযথ চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সম্ভাব্য সাহায্য করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/সোহাগ