| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদেশ নীতি বিশেষজ্ঞ ভারতীয় বংশোদ্ভূত অ্যাশলি টেলিসের গ্রেপ্তারে তোলপাড়

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ০৫:০৪:০১:পূর্বাহ্ন  |  ১৪২২২৮৪ বার পঠিত
বিদেশ নীতি বিশেষজ্ঞ ভারতীয় বংশোদ্ভূত অ্যাশলি টেলিসের গ্রেপ্তারে তোলপাড়
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

আশিস গুপ্ত, নতুন দিল্লি : ভারতীয় বংশোদ্ভূত সুপরিচিত বিদেশ নীতি বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা কৌশলবিদ অ্যাশলি জে. টেলিসকে "জাতীয় প্রতিরক্ষার শ্রেণিবদ্ধ তথ্য বেআইনিভাবে ধরে রাখার" অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে।

ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস ১৪ অক্টোবর একটি বিবৃতিতে এই গ্রেপ্তারের ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ভার্জিনিয়ার ভিয়েনার বাসিন্দা ৬৪ বছর বয়সী টেলিসকে সপ্তাহান্তে হেফাজতে নেওয়া হয় এবং জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত উপাদান বেআইনিভাবে ধরে রাখার অভিযোগে তার বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়।

ইউএস অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগান এক বিবৃতিতে বলেছেন যে এই অভিযোগগুলি জাতীয় নিরাপত্তার গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, “আমরা অভ্যন্তরীণ এবং বিদেশি সমস্ত হুমকি থেকে আমেরিকান জনগণের সুরক্ষার ওপর সম্পূর্ণরূপে মনোযোগ দিচ্ছি। এই মামলায় আনা অভিযোগগুলো আমাদের নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য একটি মারাত্মক ঝুঁকি তৈরি করে,” এবং প্রসিকিউটররা আইন মেনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে থাকবেন।

টেলিস এর আগে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে কাজ করেছেন। টেলিসকে এফবিআই হলফনামায় ইউএস স্টেট ডিপার্টমেন্টের একজন অবৈতনিক উপদেষ্টা এবং পেন্টাগনের একজন ঠিকাদার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাঙ্ক কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর সিনিয়র ফেলোও।

এফবিআই হলফনামা অনুসারে, স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগনের সাথে তার কাজের কারণে টেলিসের কাছে সেনসিটিভ কম্পার্টমেন্টেলাইজড ইনফরমেশন-এ প্রবেশাধিকার সহ টপ সিক্রেট নিরাপত্তা অনুমোদন ছিল। হলফনামায় অভিযোগ করা হয়েছে যে এই বছরের সেপ্টেম্বর এবং অক্টোবরে, টেলিস ডিফেন্স এবং স্টেট ডিপার্টমেন্টের ভবনে প্রবেশ করেন, শ্রেণিবদ্ধ নথি, যার মধ্যে সামরিক বিমানের সক্ষমতা সম্পর্কিত নথিও ছিল, সেগুলিতে প্রবেশাধিকার লাভ করেন এবং সেগুলি প্রিন্ট করেন। পরে তাকে একটি চামড়ার ব্যাগ বা ব্রিফকেস নিয়ে ভবন ত্যাগ করতে দেখা যায়। 

শনিবার টেলিসের ভার্জিনিয়ার ভিয়েনার বাড়িতে তল্লাশি চালানো হলে এক হাজারেরও বেশি পৃষ্ঠার শ্রেণিবদ্ধ উপাদান উদ্ধার করা হয়, যেগুলিতে “টপ সিক্রেট” এবং “সিক্রেট” চিহ্নিত ছিল বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।এতে আরও দাবি করা হয়েছে যে টেলিস গত কয়েক বছরে চীনা সরকারি কর্মকর্তাদের সাথে একাধিকবার বৈঠক করেছেন, যার মধ্যে ১৫ সেপ্টেম্বর ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে একটি নৈশভোজও ছিল, যেখানে তাকে একটি ম্যানিলা খাম নিয়ে আসতে দেখা গেলেও যাওয়ার সময় সেটি তার কাছে ছিল না। 

স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা টেলিসের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এর বেশি তথ্য দিতে অস্বীকার করেছেন। একইভাবে, পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন যে বিভাগ চলমান আইনি বিষয়ে কোনো মন্তব্য করে না।যদি দোষী সাব্যস্ত হন, তবে টেলিসের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড, ২৫০,০০০ ডলার পর্যন্ত জরিমানা, ১০০ ডলার বিশেষ জরিমানা এবং সম্ভাব্য বাজেয়াপ্তের সম্মুখীন হতে পারেন বলে অ্যাটর্নি অফিস জানিয়েছে। তবে, তারা উল্লেখ করেছে যে ফেডারেল মামলাগুলিতে সাধারণত "সর্বোচ্চ শাস্তির চেয়ে কম" সাজা হয়। একজন জেলা জজ ইউএস সেনটেনসিং গাইডলাইন এবং অন্যান্য বিষয় বিবেচনা করে শাস্তির সিদ্ধান্ত নেবেন। অফিস আরও জোর দিয়েছে যে একটি ফৌজদারি অভিযোগ কেবল একটি অভিযোগ মাত্র, এবং টেলিস "দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ বলে গণ্য হবেন"।





রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪