ইন্টারন্যাশনাল ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানিয়েছে স্পেনের অভিজাত রেস্তোরাঁ আসাদোর আউপা। গত ১১ অক্টোবর থেকে বার্গারটি নিয়মিত প্রদর্শন করা হচ্ছে। আলোচিত এই বার্গারের দাম ১১ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৩৩ হাজার টাকা।
সম্প্রতি এক বিবৃতিতে আসাদোর আউপা’র কর্তৃপক্ষ বলেছে, তাদের রেস্তোঁরার এক শেফের ৮ বছরেরও বেশি সময় ধরে গবেষণার ফসল এই বার্গার। খাবারের উপযোগী স্বর্ণ ব্যবহার করায় বার্গারটির এত দাম সাধারণের সাধ্যের বাইরে।
বার্গারটি তৈরিতে স্বর্ণের পাশাপাশি এমন কিছু মশলা উপাদান ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দামি এবং বিরল। বার্গারটি তৈরিতে বিশ্বের সেরা তিন ধরনের গরুর মাংস, ইউরোপের সবচেয়ে বিরল ও দামি চিজ এবং প্রিমিয়াম স্পিরিটের একটি সিগনেচার সস ব্যবহার করা হয়েছে।
বার্গারটি রেস্তোরাঁর নিয়মিত মেন্যুতে থাকবে না। এমনকি যে কোনো ব্যক্তি আগে থেকে অর্ডার দিলে বার্গারটি পাবেন— এমনও নয়। নির্দিষ্ট কিছু অতিথির কাছে এটি সার্ভ করা হবে এবং সেসব সৌভাগ্যবান অতিথিদের অবশ্যই এই বার্গারটি খেতে হবে কোনো প্রাইভেট কক্ষে, যেখানে আসনসংখ্যা সীমিত। কারণ- ‘সত্যিকারের আভিজাত্য বিরল এবং সবাই সহজে তার নাগাল পায় না।’
আসাদোর আউপার মালিক বস্কো জিমেনেজ স্পেনের অন্যতম বিখ্যাত ও সুপরিচিত শেফ। তবে কীভাবে বার্গারটি বানানো হয়েছে, সেই রেসিপি প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সূত্র : গালফ নিউজ
রিপোর্টার্স২৪/আরকে