| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের দাবি 'মিথ্যা': রুশ তেল নিয়ে মোদির সঙ্গে কোনো কথা হয়নি, জানাল ভারতের বিদেশ মন্ত্রক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১৭:২৩:৪৮:অপরাহ্ন  |  ১৪২৬১৫৯ বার পঠিত
ট্রাম্পের দাবি 'মিথ্যা': রুশ তেল নিয়ে মোদির সঙ্গে কোনো কথা হয়নি, জানাল ভারতের বিদেশ মন্ত্রক

আশিস গুপ্ত, নতুন দিল্লি : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি তাকে কথা দিয়েছেন, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। কিন্তু এই কথার কিছুক্ষণ পরই ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দেয়, আগের দিন দুই নেতার মধ্যে ফোনে কোনো কথাই হয়নি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "আমার জানা মতে, গতকাল প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ফোনে কোনো কথা হয়নি।"

এর আগে ভারত একটি বিবৃতিতে জানায়, বিশ্বজুড়ে তেলের দাম যখন ওঠানামা করছে, তখন ভারতীয়দের সুবিধা দেখাই তাদের তেল কেনার মূল কারণ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, "ভারত অনেক তেল ও গ্যাস কেনে। সব সময় দামের অস্থিরতার মধ্যে সাধারণ ভারতীয়দের স্বার্থ রক্ষা করাই আমাদের প্রথম কাজ। আমাদের তেল কেনার নিয়ম শুধু এই কথা ভেবেই তৈরি হয়।" তিনি আরও বলেন, "তেলের দাম ঠিক রাখা এবং তেল যাতে সব সময় পাওয়া যায়, এটাই আমাদের নীতির প্রধান লক্ষ্য। এর জন্য আমরা বিভিন্ন দেশ থেকে তেল কিনি এবং বাজারের অবস্থা বুঝে বদল আনি।" এই কথাগুলি ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধের শুরু থেকেই ভারত বলে আসছে। আমেরিকার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখপাত্র আরও বলেন, "আমরা অনেক বছর ধরে আমেরিকা থেকে আরও বেশি তেল কেনার চেষ্টা করছি। গত দশ বছরে এতে অনেক উন্নতি হয়েছে। আমেরিকার বর্তমান সরকার ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহী। এ নিয়ে কথাবার্তা চলছে।"

হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, " ইউক্রেন যুদ্ধটা তো শুরুই হওয়া উচিত ছিল না। কিন্তু এটা এমন যুদ্ধ যে রাশিয়াকে প্রথম সপ্তাহেই জেতা উচিত ছিল, অথচ এখন চার বছর হতে চলল। আমি চাই এই যুদ্ধ বন্ধ হোক।" তিনি দাবি করেন, "ভারত তেল কিনছিল, এতে আমি খুশি ছিলাম না। তবে তিনি (প্রধানমন্ত্রী মোদি) আমাকে আজ আশ্বাস দিয়েছেন যে তারা আর রাশিয়া থেকে তেল কিনবেন না। এটা হঠাৎ করে বন্ধ করা যায় না, কিছুটা সময় লাগবে, তবে খুব তাড়াতাড়িই এই কাজটা শেষ হবে।" ট্রাম্প এটাকে "খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ" বলেন। তিনি ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির পরিকল্পনার কথা উল্লেখ করে আরও যোগ করেন যে, "ভারত যদি তেল কেনা বন্ধ করে, তাহলে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) শেষ করা আরও সহজ হবে। তারা আমাকে কথা দিয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবেন। যুদ্ধ শেষ হলে তারা আবার রাশিয়ার কাছে ফিরে যাবেন।" ট্রাম্প আরও বলেন যে তিনি প্রধানমন্ত্রী মোদির কাছে ভারতের তেল কেনা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। আমেরিকার মতে, এভাবে তেল কিনে ভারত নাকি পরোক্ষভাবে পুতিনের যুদ্ধকে টাকা দিয়ে সাহায্য করছে। তিনি বলেন, "ভারত তেল কিনছিল বলে আমি খুশি ছিলাম না।"

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪