ডিপ্লোম্যাটিক রিপোর্টার: ইতালির সঙ্গে আর্থিক অপরাধ প্রতিরোধে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (MLAT) ও প্রত্যর্পণ চুক্তি সই করতে চায় বাংলাদেশ।
শনিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান। তিনি জানান, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ইতালির রাজধানী রোমে গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং ইতালির পক্ষে সেদেশের ইন্টেরিয়র মিনিস্টার মাত্তেও পিয়ানতেদোসি নেতৃত্ব দেন।
ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অনিয়মিত অভিবাসন, মানব পাচার, অর্থ পাচার ও আর্থিক অপরাধ প্রতিরোধ এবং অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উভয় দেশ অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার রোধে যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান পরিচালনার বিষয়ে সম্মত হয়। এছাড়া মানব পাচার মোকাবিলায় যৌথ টাস্ক ফোর্স গঠন, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি