| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীপাবলির পরই শ্বাসরুদ্ধ দিল্লি: বায়ু দূষণ সূচক পৌঁছে গেল বিপজ্জনক স্তরে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ১১:১৭:৫৭:পূর্বাহ্ন  |  ১৩৮৬০২৫ বার পঠিত
দীপাবলির পরই শ্বাসরুদ্ধ দিল্লি: বায়ু দূষণ সূচক পৌঁছে গেল বিপজ্জনক স্তরে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

আশিস গুপ্ত, নতুন দিল্লি : সুপ্রিম কোর্টের নির্দেশিত সময়সীমা অগ্রাহ্য করে যথেচ্ছভাবে বাজি ফাটানোর কারণে দীপাবলির পরের দিন মঙ্গলবার দিল্লি আবারও বিষাক্ত ধোঁয়ার চাদরে ঢেকে গেল। এর ফলে দিল্লির বাতাসের গুণগত মান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (এ কিউ আই) 'বিপজ্জনক' শ্রেণিতে নেমে এসেছে।

তথ্য অনুযায়ী, উৎসবের মরসুমে দূষণের মাত্রা আরও খারাপ হওয়ায় মঙ্গলবার সকাল ৭টায় গড় এ কিউ আই দাঁড়িয়েছিল ৪৫১, যা জাতীয় গড়ের প্রায় ১.৮ গুণ বেশি। দীপাবলির রাতেই বাতাসের গুণগত মান 'খুব খারাপ' শ্রেণিতে প্রবেশ করেছিল।

দিল্লির পার্শ্ববর্তী শহর নয়ডা এবং গুরুগ্রামের পরিস্থিতিও এর থেকে ভালো ছিল না। মঙ্গলবার সকালে নয়ডাতে এ কিউ আই ছিল ৪০৭ এবং গুরুগ্রামে ৪০২, যা দুটিকেই 'বিপজ্জনক' শ্রেণিতে ফেলেছে। গত বছর দীপাবলির পর দিল্লির সামগ্রিক বাতাসের মান 'খুব খারাপ' শ্রেণিতে রেকর্ড করা হয়েছিল, যেখানে AQI ছিল ৩৫৯।

এই বছর ওয়াজিরপুর (৪৩৫), দ্বারকা (৪২২), অশোক বিহার (৪৪৫) এবং আনন্দ বিহার (৪৪০)-এর মতো বেশ কয়েকটি মনিটরিং স্টেশন 'বিপজ্জনক' স্তরের এ কিউ আই রেকর্ড করেছে। উল্লেখ্য, ০ থেকে ৫০ পর্যন্ত AQI-কে 'ভালো', ১০১ থেকে ২০০-কে 'মাঝারি', ৩০০ থেকে ৪০০-কে 'খুব খারাপ' এবং ৪০১ থেকে ৫০০-কে 'বিপজ্জনক' বলে গণ্য করা হয়।

২০২০ সাল থেকে প্রতি শীতে দূষণের বিরুদ্ধে লড়াই করা এই জাতীয় রাজধানীতে দীপাবলিতে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা ছিল। যদিও এই বছর সুপ্রিম কোর্ট ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দিল্লি-এনসিআর অঞ্চলে 'গ্রিন ক্র্যাকার্স' বা পরিবেশবান্ধব বাজি ফাটানোর অনুমতি দিয়েছিল, তবে তা কেবল দুটি নির্দিষ্ট সময়ের জন্য—সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টা। কিন্তু সেই নির্দেশ কেউ মানেনি, কারণ নির্ধারিত সময়ের অনেক আগে ও পরেও বাজি ফাটানো হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে বিশেষ করে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে মিশে গেলে গ্রিন ক্র্যাকার্সও কম বিষাক্ত হয় না।

পিটিআই-এর খবর অনুসারে, দীপাবলির রাতে দিল্লি ফায়ার সার্ভিস ২৬৯টি জরুরি কল পেয়েছিল, তবে কোনো বড় ধরনের দুর্ঘটনা, প্রাণহানি বা বড় আঘাতের খবর পাওয়া যায়নি।ইতিমধ্যে, বাতাসের গুণগত মান খারাপ হতে শুরু করায় গত সপ্তাহেই কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান -এর স্টেজ ২ কার্যকর করেছে, যার মধ্যে ধুলো নিয়ন্ত্রণের তীব্রতা বৃদ্ধি, গণপরিবহন পরিষেবা সম্প্রসারণ এবং ডিজেল জেনারেটর সেটের উপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।

দিল্লি-এনসিআর-এর কর্তৃপক্ষ ইতিমধ্যে রাস্তায় যান্ত্রিক সুইপিং এবং জল ছিটানোর কাজ শুরু করেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে শক্তিশালী বাতাসের অভাবে ধোঁয়াশা বা স্মগ পরিস্থিতি সম্ভবত বজায় থাকবে। মঙ্গলবার সকালে কয়েকটি এলাকায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১-৩৩ ডিগ্রি এবং ২০-২২ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।




রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪