ইন্টারন্যাশনাল ডেস্ক : ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবং সংক্রমণ আরও ছড়িয়ে পড়া ঠেকাতে বেলজিয়ামসহ একাধিক দেশ পোলট্রি খাত–সংশ্লিষ্টদের অধিকতর সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
বুধবার (২২ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বেলজিয়ামের ফেডারেল ফুড সেফটি এজেন্সির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক খামারে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপজুড়ে নতুন করে ছড়িয়ে পড়া বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের ফলে বেলজিয়াম সরকার বৃহস্পতিবার থেকে পোলট্রি খাত–সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
এদিকে নেদারল্যান্ডস সরকার বুধবার জানিয়েছে, দেশটির মধ্য–পূর্বাঞ্চলে একটি পোলট্রি খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার ফ্রান্সও একই পদক্ষেপ নিয়েছে।
বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ) জানিয়েছে, বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় শহর ডিক্সমুইডের কাছে একটি টার্কি খামারে এ সপ্তাহে এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এতে ৩১৯টি টার্কির মৃত্যু হয়। এছাড়া আরও ৬৭ হাজার ১১০টি পাখি নিধন করা হয়েছে।
ডব্লিউওএএইচ জানিয়েছে, স্লোভাকিয়াতেও একটি পোলট্রি খামারে বার্ড ফ্লুর নতুন প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। এর মাধ্যমে ইউরোপজুড়ে ভাইরাসটির দ্রুত বিস্তারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
গত কয়েক বছরে বার্ড ফ্লুতে ইউরোপে শত শত কোটি পোলট্রির মৃত্যু হয়েছে বা সংক্রমণ শনাক্তের পর বাধ্যতামূলকভাবে নিধন করা হয়েছে। এতে সরবরাহব্যবস্থা যেমন ব্যাহত হয়েছে, তেমনি খাদ্যদ্রব্যের দামও বেড়েছে এবং নতুন এক মহামারির আশঙ্কাও তৈরি হয়েছে।
রিপোর্টার্স২৪/টিআই