আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে কুর্নুলের চিন্নাটেকুরে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি চলন্ত যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায়। প্রথমে বাসটির সামনের অংশে আগুন ধরে গেলে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়।
দুর্ঘটনার সময় যাত্রীদের অনেকেই ঘুমিয়ে ছিলেন; আগুন ও ধোঁয়ায় জেগে উঠলেও সময়মতো তারা বাস থেকে বের হতে পারেননি।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রে এ তথ্য জানা গেছে, বাসটিতে ৪১ জন যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে ১১ জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে, আর ১৪ জনের এখনও পরিচয় জানা যায়নি। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের তথ্যমতে, বেসরকারি মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়ক ধরে দ্রুতগতিতে যাচ্ছিল। সংঘর্ষের পর বাইকটি বাসের সামনের অংশে আটকে যায়। এরপর অল্প কিছু দূর যাওয়ার মধ্যেই বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসের বেশির ভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর কিছু লোক জানালা ভেঙে বেরিয়ে প্রাণ বাঁচান, তবে অনেকেই বাসের ভেতর থেকে বের হতে পারেননি।
রিপোর্টার্স২৪/এসএন