ফরিদপুর প্রতিনিধি: বাসররাতেই এক বিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে একটি ফাঁকা জমি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত জামাল ফকির (২৮) পিসনাইল গ্রামের রজব ফকিরের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি সেজো ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জামাল ফকির পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে বিয়ে করেন। সেদিন রাতেই নববধূকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফেরেন। রাতের খাবারের পর রাত সাড়ে ১১টার দিকে তারা ঘুমাতে যান। পরের দিন সকালে গ্রামের মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করলে জামালের স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন।
জামালের স্ত্রী জানান, চিৎকার শুনে দরজা খুলতে চেয়েও দেখতে পান দরজাটি বাইরে থেকে বন্ধ। পরে কেউ দরজা খুলে দিলে তিনি দেখতে পান, তার স্বামী ঘরের বাইরে জমির মধ্যে পড়ে আছে।
স্থানীয়রা জানিয়েছেন, বসতবাড়ির আধা কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠে মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ভাই জালাল ফকির বলেন, আমার ভাইয়ের মৃত্যু রহস্যজনক। সে কারও সঙ্গে কোনো শত্রুতা করতো না। কেন এমন ঘটনা ঘটল, বোঝা যাচ্ছে না।
সালথা থানার ওসি মো. আতাউর রহমান জানান, ছেলেটি বৃহস্পতিবার বিয়ে করেছিলেন। রাতে বাসর ঘরে নতুন বউয়ের সঙ্গে ছিলেন। সকালে বাড়ির পাশে একটি বাঁশের আড়া থেকে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি