| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জ : ভয়ংকর রাতের পর শান্ত সকাল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ১১:৪৬:১৮:পূর্বাহ্ন  |  ১০৩৫ বার পঠিত
গোপালগঞ্জ : ভয়ংকর রাতের পর শান্ত সকাল

স্টাফ রিপোর্টার: ভাঙচুর ও অগ্নিসংযোগের ভয়ংকর রাতের পর গোপালগঞ্জে সকালের পরিস্থিতি কিছুটা শান্ত। তবে জনমনে কাটেনি আতঙ্ক।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ, টহলে বিজিবি ও এসআরবি। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে চলছে সার্বক্ষণিক নজরদারি। সব মিলিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে শহরের ঘোনাপাড়া, এলজিইডি, বেদগ্রাম, পুলিশ লাইনস ও যুগশিখা মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

জজকোর্ট, জেলা প্রশাসকের বাসভবন ও স্বর্ণকলি উচ্চবিদ্যালয়ের সামনেও ছিল পুলিশের উপস্থিতি। অন্যদিকে গোপালগঞ্জ-পাটগাতী সড়ক, জেলা প্রশাসকের কার্যালয় ও কোর্ট এলাকায় বিজিবির সাঁজোয়া যান (এপিসি) টহল দেয়। তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক সাধারণ মানুষ।

এদিকে সকাল থেকে জেলার টুঙ্গিপাড়া কয়েকটি এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এতে অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়দের বিকল্প সড়ক ব্যবহার করতে দেখা গেছে।

অন্যদিকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলকও ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের হাতে দেশি অস্ত্রশস্ত্র থাকার কথাও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।

ওই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকানপাট ও উপজেলা যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সর্বশেষ সোমবার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে সভা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এদিকে মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পাটগাতির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সড়কে ব্যাপক ভাঙচুর শেষে পুলিশ গাড়ি ও থানায় আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইস্কান্দার শেখ জানান, বাড়িতে আগুন লাগার খবর পেলেও সড়কে বাধা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।

সহিংসতার পর গোপালগঞ্জের প্রশাসনেও পরিবর্তন আনা হয়েছে। জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়েছে। তাদের স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজ এবং ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এ ছাড়া টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, রিয়াদ মাহমুদ ও মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। সবাইকে শান্ত থাকার, গুজবে কান না দেওয়ার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এদিকে আগামী ১৯ নভেম্বর দেশে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে দলটির স্থানীয় নেতারা জানিয়েছেন। এ কর্মসূচিকে ঘিরে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে কি না, তা নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪