ইন্টারন্যাশনাল ডেস্ক : বহুল আলোচিত ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে চুরির ঘটনার পর এবার ফ্রান্সের আরেক জাদুঘর থেকে ২ হাজার স্বর্ণ ও রৌপ্য মুদ্রা চুরির খবর পাওয়া গেছে। চুরি হওয়া মুদ্রার আর্থিক মূল্য অন্তত এক লাখ ৪০০০ মার্কিন ডলার।
বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, ফরাসি দার্শনিক দনি দিদরোর সম্মানে প্রতিষ্ঠিত জাদুঘর মাইসোঁ দে লুমিইয়েরেতে এই চুরির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ১৯ অক্টোবর রাতে মুদ্রাগুলো চুরি করা হয়।
এরপর সাপ্তাহিক ছুটি শেষে মঙ্গলবার জাদুঘর খুললে কর্মীরা একটি ভাঙা প্রদর্শনী কেস দেখতে পান এবং কর্তৃপক্ষকে খবর দেন। স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, অত্যন্ত দক্ষতার সঙ্গে মুদ্রাগুলো নেওয়া হয়েছে। চুরি হওয়া মুদ্রাগুলো ১৭৯০ থেকে ১৮৪০ সালের মধ্যে তৈরি করা হয়েছিল এবং ২০১১ সালে ভবন সংস্কারের সময় এগুলো আবিষ্কৃত হয়। পরবর্তীতে এই মুদ্রাগুলো শহরটির নিজস্ব সংগ্রহ হিসেবে জাদুঘরে রাখা হয়।
গত মাসে প্যারিসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম থেকে ১৫ লাখ ইউরো মূল্যের ছয়টি স্বর্ণের টুকরো চুরি হয়। লিমোজ শহরের চীনামাটি জাদুঘর থেকে দুটি চীনামাটির পাত্র ও একটি ফুলদানি চুরি হয়, যার মোট মূল্য আনুমানিক ৬৫ লাখ ইউরো। সবশেষ আলোচিত ঘটনাটি ছিল প্যারিসের ল্যুভর মিউজিয়ামের। গত রোববার ৮৮ মিলিয়ন ইউরো মূল্যের ঐতিহাসিক অলংকারগুলো নিয়ে পালিয়ে চোরেরা।
রিপোর্টার্স২৪/টিআই