ইন্টারন্যাশনাল ডেস্ক : মালয়েশিয়ায় এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলায় তার পেঁচিয়ে হত্যার অভিযোগে স্থানীয় নাগরিকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। নিহতের গলায় ফাঁস এবং ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণায় এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে দেশটির কেদাহ রাজ্যের ইয়ান জেলার গুয়ার চেমপেদাক এলাকার একটি বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।
ঘটনাটি একটি একতলা ইটের বাড়িতে ঘটেছে। যেখানে সেতু নির্মাণশ্রমিক হিসেবে মোট সাতজন থাকতেন। এরমধ্যে দুজন স্থানীয় এবং পাঁচজন বাংলাদেশি। আটকদের বয়স ২৯ থেকে ৪৪ বছরের মধ্যে, এদের মধ্যে দুজন স্থানীয় এবং চারজন বাংলাদেশি।
মালয়েশিয়ার পুলিশ সুপার মোহাম্মদ হামিজি আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, নিহত বাংলাদেশি সেতু নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কাজে দেরিতে পৌঁছানোয় মালয়েশিয়ার স্থানীয় এক সহকর্মীর সঙ্গে তার ঝগড়া হয়। অভিযুক্ত স্থানীয় নাগরিক তাকে বকাঝকা করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযুক্ত স্থানীয় নাগরিক একটি ছোট রড হাতে নেন। এর জবাবে নিহত বাংলাদেশি রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে অভিযুক্তকে আঘাতের চেষ্টা করেছিলেন। এরপর অভিযুক্ত কাছাকাছি থাকা একটি তারের রিল থেকে তার টেনে এনে নিহত বাংলাদেশির গলায় ফাঁস লাগান। ধস্তাধস্তির এক পর্যায়ে অভিযুক্ত বুঝতে পারেন বাংলাদেশি শ্রমিক অচেতন হয়ে পড়েছেন। এরপর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে রিপোর্ট করেন।
রিপোর্টার্স২৪/টিআই