মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে সালিশি বৈঠককে কেন্দ্র করে বাদশা মোল্যা (৬০) নামের এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ ২৪ অক্টোবর শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার জেরে আজ শুক্রবার দুপুরে মিমাংসার জন্য সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে আনোয়ারের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের আপন মামা বাদশা মোল্যাকে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। স্থানীয়রা আহত বাদশা মোল্যাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে অভিযুক্ত আবিরের পিতা আনোয়ার জানান, সালিশে একপয়ায়ে দুই পক্ষের মধ্যে সংঘষ বাধলে দৌঁড়াতে যেয়ে বাদশা মোল্লা পড়ে যেয়ে স্ট্রোক করে মারা যায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর প্রতিপক্ষের লোকজন আনোয়ারের বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাগুরার সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার কৃষ্ণ পদবিশ্বাস বলেন, বাদশা নামের ঐ বৃদ্ধার মাথা এবং মুখে কোনো লোগা সাদৃশ্য বস্তু দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহটি হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “সালিশি বৈঠক নিয়ে একজন নিহতের খবর পেয়েছি। পারিবারিকভাবে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের টিম কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রিপোর্টার্স২৪/আরকে