চাঁদপুর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৬ দিনব্যাপী “মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫”। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা চাঁদপুরকে অন্যভাবে গড়ে তুলতে চাই। এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। জনগণের সকল প্রয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপির অংশগ্রহণ থাকবে। চাঁদপুরকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। এ দায়িত্ব শুধু বিএনপির নয়, এটি পুরো চাঁদপুরবাসীর।
তিনি বলেন, খেলাধুলা ও সংস্কৃতি একে অপরের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আপনারা আপনাদের সন্তানদের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে মনোযোগী করবেন। ২০০৯ সাল থেকে সাংস্কৃতিক অঙ্গনে তেমন কোনো পদচারণা দেখা যায়নি। তাই আমরা চিন্তা-ভাবনা করে দেখেছি সাংস্কৃতিক অঙ্গনকে চাঙ্গা করতে হবে। সেই চিন্তা থেকেই আমরা “মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫” আয়োজন করেছি।
তিনি আরও বলেন, এরকম আয়োজন দুই-তিন মাস পরপর করলে এখান থেকে জাতীয় পর্যায়ের প্রতিযোগী তৈরি হবে। আমরা কেন ‘মেইড ইন চাঁদপুর’ নাম দিয়েছি জানেন? যারা এখান থেকে জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে, যাতে বোঝা যায়—তারা চাঁদপুরের প্রতিযোগী।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. কে. এম. সলিম উল্যাহ সেলিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের সদস্যসচিব মইনুদ্দিন লিটন।
সঞ্চালনা করেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি মো. খলিলুর রহমান গাজী।
সিল্কওয়েজ গ্রুপের চেয়ারপারসন মুনিরা আহমেদ ও কন্যা ফারিসা আহমেদ মানহা, জেলা বিএনপির সহসভাপতি ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শামছুল হক মন্টু, অ্যাডভোকেট মুনিরা চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক ও পিপি অ্যাডভোকেট কৌহিনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ মানিক, জেলা জাসাসের সদস্যসচিব মোবারক শিকদার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক, তার স্ত্রী মুনিরা আহমেদ এবং কন্যা ফারিসা আহমেদ মানহাসহ অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। পরে ৩৩টি সাংস্কৃতিক সংগঠনকে মেডেল ও সনদ প্রদান করা হয়। সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করে জাসাস।
রিপোর্টার্স২৪ /এসএন