ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকচাপায় দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি মাদরাসার সামনে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সাতৈর ও শেলাহাটি এলাকার বাসিন্দা এবং সাতৈর বাজারের ব্যবসায়ী মধু সাহা (৫০) ও নারায়ণ সাহা (৫৫)। আহতরা হলেন সঞ্জয় বণিক, নেপাল সাহা, সুজিত সাহা, টুকটুকি ও ভ্যানচালক সুমন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন মিলে কাদিরদি এলাকা থেকে নামকীর্তন শুনে অটোভ্যানে সাতজন একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি মাদরাসার সামনে ফরিদপুরগামী একটি বেপরোয়া গতির ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু বলেন, “কাদিরদি এলাকা থেকে কীর্তন গান শুনে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আহত হয়েছেন পাঁচজন।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
রিপোর্টার্স২৪/এসএন