ইন্টারন্যাশনাল ডেস্ক : নতুন প্রজন্মের হাইপারসনিক অস্ত্র ভ্রাম্যমাণ লঞ্চারে স্থাপনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের হাইপারসনিক প্রতিযোগিতায় নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। পরাশক্তির দেশগুলো এমন অস্ত্র তৈরি প্রতিযোগিতায় রয়েছে, যা শব্দের গতির পাঁচ গুণেরও বেশি বেগে উড়ে এবং প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যাসটেলিয়নের বরাত দিয়ে রয়টার্স শুক্রবার (২৪ অক্টোবর) জানিয়েছে, বিদ্যমান সামরিক ব্যবস্থার সঙ্গে তাদের তৈরি ব্ল্যাকবিয়ার্ড হাইপারসনিক স্ট্রাইক অস্ত্রকে একীভূত করতে তারা মার্কিন সেনাবাহিনীর সঙ্গে চুক্তি করেছে।
চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করেনি ক্যাসটেলিয়ন। ক্যাসটেলিয়নের লক্ষ্য, প্রতিবছর হাজার হাজার ইউনিট উৎপাদন করা এবং প্রতিটির খরচ কয়েক লাখ ডলারের মধ্যে রাখা।
প্রতিরক্ষা খাতে কাজ করা যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি কোম্পানি, স্ট্রাটোলঞ্চ, রেথিয়ন এবং লকহিড মার্টিন এখন একই ধরনের হাইপারসনিক প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। বিশ্লেষকদের মতে, এসব প্রকল্প ভবিষ্যতে বিলিয়ন ডলারের সামরিক চুক্তিতে রূপ নিতে পারে।
রিপোর্টার্স২৪/টিআই