| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘূর্ণিঝড় ‘মন্থার’ আঘাত হানতে পারে যেসব দেশে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ১০:১০:৪৯:পূর্বাহ্ন  |  ১৩৬৪৯০৬ বার পঠিত
ঘূর্ণিঝড় ‘মন্থার’ আঘাত হানতে পারে যেসব দেশে

রিপোর্টার্স২৪ ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে মৌসুমের নতুন ঘূর্ণিঝড় ‘মন্থার’। আগামী তিন দিনের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

শুক্রবার (২৪ অক্টোবর) সর্বশেষ আপডেটে আইএমডি আরও জানায়, বর্তমানে সাগরে সৃষ্ট ওই নিম্নচাপটি ২৬ অক্টোবর গভীর নিম্নচাপে এবং ২৭ অক্টোবর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাসও দেখা দিতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

আইএমডির পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় আঘাত হানতে পারে। তবে দিক পরিবর্তন করলে কলকাতাসহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও এর প্রভাব পড়তে পারে।

এদিকে, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়কে ঘিরে শুক্রবার (২৪ অক্টোবর) বিশেষ বুলেটিন দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এতে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

বাংলাদেশের আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, ঘূর্ণিঝড়টি সরাসরি ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে গেলেও এর প্রভাব বাংলাদেশের উপকূলীয় এলাকাতেও পড়বে। ঘূর্ণিঝড়ের সময় বৃষ্টি, জোয়ার ও দমকা হাওয়া বেড়ে যেতে পারে—তাই নিরাপত্তা ও জীবনরক্ষায় আগাম প্রস্তুতি ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নতুন ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থার’ দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় এর অর্থ ‘সুন্দর ফুল’। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)–এর প্যানেলে অন্তর্ভুক্ত ১৩টি দেশ পর্যায়ক্রমে উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড়গুলোর নাম নির্ধারণ করে থাকে। দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪