ইন্টারন্যাশনাল ডেস্ক : ফিলিস্তিনের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয়ের জন্য গঠিত ‘সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারের’ বেসামরিক প্রধান হিসেবে বর্তমান ইয়েমেনে নিযুক্ত রাষ্ট্রদূত স্টিভেন ফ্যাগিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রদূত স্টিভেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস কর্মকর্তা এবং চৌকস কূটনীতিক।
শুক্রবার (২৪ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
‘সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারের’ কাজ হবে মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত গাজার জন্য ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করা। এছাড়া গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করাও তাদের কাজ হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি দক্ষিণ ইসরায়েলে অবস্থিত ‘সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার’ পরিদর্শন করেছেন। সে সময় তিনি ঘোষণা দেন, প্রায় ২০০ জন মার্কিন সেনা সদস্য সেখানে ইতোমধ্যেই নিয়োজিত রয়েছেন এবং শিগগিরই আরও কূটনীতিক যুক্ত হবেন।
বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রদূত স্টিভেন ফ্যাগিন গাজা সমন্বয় কেন্দ্রের বেসামরিক নেতৃত্বে থাকবেন, যা প্রেসিডেন্টের ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করছে।’ এই সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের উদ্যোগে কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এর সামরিক প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্র্যাঙ্ক, যিনি ইউএস আর্মির সেন্ট্রাল কমান্ডার।
রিপোর্টার্স২৪/টিআই