ইন্টারন্যাশনাল ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা অবস্থায় গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় জিম্মি থাকা অবস্থায় মারা যাওয়া আরেকজনের মরদেহ ইসরায়েলের কাছে ফিরিয়ে দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।
সোমবার (২৭ অক্টোবর) ইসরায়েলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিন হামাসের কাছ থেকে জিম্মির মরদেহের কফিন বুঝে নিয়েছে রেডক্রস।
আল জাজিার প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, যুদ্ধবিরতি চলা সত্ত্বেও গতকাল গাজা নগরীর দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, সর্বশেষ ৪৮ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আটজন ফিলিস্তিনি নিহত ও আরও ১৩ জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় হামাস ও ইসরায়েলের মধ্যে করা যুদ্ধবিরতি চুক্তিটি ১০ অক্টোবর কার্যকর হয়। চুক্তির শর্ত মেনে গাজায় মারা যাওয়া ২৮ জন জিম্মির মরদেহ একে একে ফেরত দিচ্ছে হামাস। গতকাল পর্যন্ত ১৬ জন জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে।
এর আগে ১৩ অক্টোবর যুদ্ধবিরতির শর্ত মেনে জীবিত ২০ জন জিম্মির সবাইকে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস।
রিপোর্টার্স২৪/টিআই/ঝুম