ইন্টারন্যাশনাল ডেস্ক: ধূমপানযোগ্য তামাকজাত দ্রব্যের পাচারে ব্যবহৃত হচ্ছে উড়ান্ত বেলুন। এভাবে বেলুনগুলো বেলারুশ থেকে লিথুয়ানিয়ায় প্রবেশ করছে নিয়মিত। ফলে ফ্লাইট সিডিউল বাঁধাগ্রস্থ। বেলুনগুলো এখন গুলি করে নামানোর ঘোষণা দিয়েছে লিথুয়ানিয়ায় সরকার।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানী ভিলনিয়াসে এক সংবাদ সম্মেলনে লিথুয়ানিয়ায় প্রধানমন্ত্রী ইনগা রুগিনিয়েনে এ তথ্যজানান।
তিনি বলেন, আমাদের আকাশসীমা লঙ্ঘন হলে সবচেয়ে কঠোর পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। সেনাবাহিনী ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে, এসব বেলুন দেখা গেলেই গুলি করে নামানো হবে। আমাদের জনগণ ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। বেলুন হোক বা ড্রোন, লিথুয়ানিয়ার আকাশসীমা কোনোভাবেই খেলনার জায়গা নয়।
বাল্টিক
নিউজ সার্ভিসের প্রতিবেদনে বলা হয়, গত
সপ্তাহে একাধিকবার বেলুন লিথুয়ানিয়ার আকাশে প্রবেশ করায় তিনবার ভিলনিয়াস আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করতে হয়। বিমান চলাচল বন্ধের ফলে ১১২টি ফ্লাইট বাঁধাগ্রস্থ হয়। এতে ১৬
হাজার ৫০০ যাত্রীর যাত্রা ব্যাহত।
এর আগে চলতি মাসের শুরুতে ২৫টি বেলুন প্রবেশ করেছিল, যার কারণে ৩০টি ফ্লাইট বাতিল হয় এবং প্রায় ৬ হাজার যাত্রীর ভ্রমণ ব্যাহত হয়। জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্র (এনসিএমসি) জানিয়েছে, শুধু চলতি বছর ৬ অক্টোবর পর্যন্ত বেলারুশ থেকে ৫৪৪টি বেলুন লিথুয়ানিয়ার আকাশে প্রবেশ করেছে, যা গত বছর ছিল ৯৬৬টি।
বেলুনগুলোর মাধ্যমে সিগারেট ও অন্যান্য ছোট পণ্য চোরাচালান হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। সরকার বলছে, বিষয়টি শুধু বাণিজ্যিক নয়, বরং নিরাপত্তা হুমকি হিসেবেও দেখা হচ্ছে।
বেলুন অনুপ্রবেশের ঘটনায় লিথুয়ানিয়া কয়েক দফায় বেলারুশ সীমান্ত ক্রসিং বন্ধ করেছে। এবার থেকে সীমান্ত বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। তবে ইউরোপীয় ইউনিয়নের নাগরিক, কূটনীতিক ও লিথুয়ানীয় নাগরিকরা নির্দিষ্ট শর্তে প্রবেশ করতে পারবেন।
রিপোর্টার্স২৪/টিআই/ঝুম