ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় চালু করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, রাশিয়া ও চীনসহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় তাল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার (২৯ অক্টোবর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “অন্য দেশগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই আমি রণমন্ত্রণালয়কে একই হারে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছি।”
পরীক্ষা কিভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি, তবে ট্রাম্প দাবি করেছেন শিগগিরই প্রক্রিয়া শুরু হবে। রাশিয়ার সাম্প্রতিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরই এই নির্দেশনা দেওয়া হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, রুশ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিক বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম।
ট্রাম্প আরও বলেন, মার্কিন পারমাণবিক অস্ত্রের ক্ষমতা ব্যাপক এবং বিশ্বের যে কোনো দেশের চেয়ে আমাদের বেশি। দ্বিতীয় স্থানে রাশিয়া, তৃতীয় স্থানে চীন অবস্থান করছে। তিনি মনে করেন, পারমাণবিক অস্ত্র সংস্কারের কোনো বিকল্প নেই।
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষা দীর্ঘদিন বন্ধ ছিল। শেষ পরীক্ষা হয়েছিল ২৩ সেপ্টেম্বর ১৯৯২ সালে, নেভাডার ভূগর্ভস্থ কেন্দ্র ‘ডিভাইডার’ প্রকল্পের অধীনে। তখন এটি ছিল মার্কিন পারমাণবিক অস্ত্রের ১,০৫৪তম পরীক্ষা। কয়েকদিন পরে স্নায়ু যুদ্ধের সমাপ্তি উপলক্ষে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ পরীক্ষার স্থগিতাদেশ দেন।
রিপোর্টার্স২৪/ঝুম