রিপোর্টার্স২৪ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ট্রাম্প শিকে ‘মহান নেতা’ আখ্যা দিয়ে বলেন, “তার সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে।” বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, “এটি ছিল এক অসাধারণ বৈঠক। তিনি একজন মহান নেতা। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছি, এবং অল্প সময়ের মধ্যেই আমরা তা আপনাদের জানাব।”
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক উপাদানের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে আনা হয়েছে।
ট্রাম্প বলেন, “চীন আগেই ঘোষণা করেছে যে, তারা বিপুল পরিমাণ সয়াবিন কিনতে শুরু করবে। আমি সেটির জন্য কৃতজ্ঞ।”
তবে বৈঠকে এখনো কোনো নতুন বাণিজ্য চুক্তি ঘোষণা করা হয়নি। বৈঠকের শেষে দুই নেতা হাত মেলান এরপর বিদায় নেন।
এর আগে বৈঠকের আগ মুহূর্তে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে “অবিলম্বে আমেরিকার পারমাণবিক অস্ত্র পরীক্ষার” নির্দেশ দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) ৪৭তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে সপ্তাহের শুরুতে মালয়েশিয়া সফরে যান। সেখান থেকে তিনি জাপান হয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছান। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটি ছিল ট্রাম্প ও শির প্রথম মুখোমুখি বৈঠক।
রিপোর্টার্স২৪/আরকে